বিএসবি গ্লোবালের মালিক বাশারের তিনটি ফ্ল্যাট ক্রোক
খায়রুল বাশার বাহার। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ | ২৩:২০
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের স্বত্বাধিকারী খায়রুল বাশার বাহারের প্রায় চার কোটি টাকা দামের তিনটি ফ্ল্যাট ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জসীম উদ্দিন খান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, গতকাল সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত খায়রুল বাশার বাহারের নামে থাকা ওই ফ্ল্যাট ক্রোক ও রিসিভার নিয়োগের আদেশ দেন।
এর আগে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে বাশারের বিরুদ্ধে গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে পুলিশ। মামলায় গত ১৪ জুলাই ধানমন্ডি থেকে তাঁকে গ্রেপ্তার করে আদালতে তোলে সিআইডি। বাশার নিজেকে একজন শিক্ষাবিদ ও ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন। তিনি এর আড়ালে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কস নামক প্রতিষ্ঠানের মাধ্যমে সংঘবদ্ধ প্রতারক চক্রের সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে প্রতারণা করে শত শত কোটি টাকা হাতিয়ে নেন এবং বিপুল পরিমাণ সম্পদের মালিক হন।
সিআইডি জানায়, বাশার ও তাঁর সহযোগীরা সাধারণ ছাত্র-ছাত্রীদের আমেরিকা, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য স্বল্প খরচে দ্রুত সময়ের মধ্যে পাঠানোর চটকদার বিজ্ঞাপন প্রচার করতেন। এভাবে পারস্পরিক যোগসাজশে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রাথমিক প্রমাণ মিলেছে।
মামলার প্রাথমিক তদন্তকালে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে তিনটি ফ্ল্যাটের মালিক হন; যার বর্তমান বাজার মূল্য প্রায় চার কোটি টাকা। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামির নামে থাকা ফ্ল্যাট ক্রোক ও রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন। বর্তমানে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থাবর-অস্থাবর সম্পত্তির সন্ধান করা হচ্ছে।
- বিষয় :
- ফ্ল্যাট জব্দ
