ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডেঙ্গুতে অক্টোবরের প্রথম ২০ দিনে ৫১ জনের মৃত্যু

ডেঙ্গুতে অক্টোবরের প্রথম ২০ দিনে ৫১ জনের মৃত্যু
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | ২২:০৮

দেশে ফের উদ্বেগজনক হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এই রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৪৯-এ। এর মধ্যে চলতি মাসের প্রথম ২০ দিনেই মারা গেছেন ৫১ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৪৪৯ জন। 

আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সর্বশেষ বুলেটিনের তথ্য বলছে, গতকাল মারা যাওয়া চারজনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ৩২, ৪০, ৬৫ ও ৭০ বছর। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে, একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজন পাবনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৪২ জন। এর মধ্যে ঢাকায় ৩১০ জন এবং ঢাকার বাইরের অন্যান্য বিভাগে ৬৩২ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৭৯১-এ।

অধিদপ্তরের তথ্য বলছে, গত এক দিনে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩১০ জন, ঢাকা বিভাগে ২০০, চট্টগ্রামে ১১৪, খুলনায় ৫৫, রাজশাহীতে ৬০, রংপুরে ২৩, বরিশালে ১৩৯ ও সিলেটে দুজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন দুই হাজার ৮৪০ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় এক হাজার ১৯ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৮২১ জন।

বৃষ্টির কারণে বাড়ছে সংক্রমণ
অক্টোবরের শুরু থেকেই দেশে বৃষ্টি হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহে বৃষ্টি কিছুটা কমলেও সপ্তাহের শেষে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি ও জমে থাকা পানি এডিস মশা প্রজননের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে, যার ফলে ডেঙ্গু সংক্রমণের আশঙ্কা আরও বাড়ছে। 

আরও পড়ুন

×