ডেঙ্গুতে মৃত্যু আড়াইশ ছাড়াল
এক দিনে আরও ৪ জনের মৃত্যু
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫ | ২১:৫১
দেশে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ২৫১ জনের প্রাণ গেল মশাবাহিত রোগ ডেঙ্গুতে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত এক দিনে মারা যাওয়া ব্যক্তিদের তিনজন নারী, একজন পুরুষ। তাদের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে এবং একজন পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। তাদের বয়স যথাক্রমে ১৬, ৭০, ৩০ ও ৫৫ বছর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৮১৪ রোগী। তাতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৬০৫ জনে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৫ হাজার ৮৬৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে সেপ্টেম্বর মাসে। মৃত্যু হয়েছে ৭৬ জনের।
চলতি অক্টোবর মাসের ২১ তারিখ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ হাজার ৩৬৩ জন; মৃত্যু হয়েছে ৫৫ জনের। এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। এ ছাড়া জানুয়ারিতে এক হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে এক হাজার ৭৭৩, জুন মাসে পাঁচ হাজার ৯৫১ জন এবং অগাস্টে ১০ হাজার ৪৯৬ রোগী ভর্তি হয়েছে।
জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। তার আগে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিন, জুন মাসে ১৯, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীর মধ্যে ২৭৭ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ১২১, ময়মনসিংহ বিভাগে ৪৬, চট্টগ্রাম বিভাগে ১১৪, খুলনা বিভাগে ৪০, রাজশাহী বিভাগে ৪০, রংপুর বিভাগে ৪১, বরিশাল বিভাগে ১২৬ এবং সিলেট বিভাগে পাঁচজন রোগী ভর্তি হয়েছে।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে দুই হাজার ৮৩১ রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৬৭, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৮৬৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
- বিষয় :
- ডেঙ্গু
- ডেঙ্গু রোগীর মৃত্যু
