ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

এফআর টাওয়ার দুর্ঘটনা

৩ আসামির জামিন বাতিল, আদালতে আত্মসমর্পণের নির্দেশ

৩ আসামির জামিন বাতিল, আদালতে আত্মসমর্পণের নির্দেশ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০৬:১০

রাজধানীর বনানীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ারের নকশা জালিয়াতি করে ভবন নির্মাণের ঘটনায় করা মামলায় তিন আসামিকে বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল করেছেন হাইকোর্ট। পাশাপাশি তাদের সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করারও নির্দেশ দেওয়া হয়েছে। আসামিরা হলেন- জমির ইজারা গ্রহীতা সৈয়দ মো. হোসাইন ইমাম ফারুক (এস এম এইচ ফারুক), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক ইমারত পরিদর্শক মো. আওরঙ্গজেব সিদ্দিকী (নান্নু) ও সাবেক উপপরিচালক (এস্টেট) মুহাম্মদ শওকত আলী।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। এর আগে ওই তিন আসামির জামিন বাতিল চেয়ে হাইকোর্টে পৃথক আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

গত ২৮ মার্চ দুপুরে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। এতে ২৭ জন মারা যান, আহত হন ৭৩ জন। পরে পৃথক তদন্তে ওই ভবন নির্মাণে নকশা জালিয়াতি ও ইমারত বিধিমালা লঙ্ঘনের সুনিদিষ্ট প্রমাণ পায় এ সংক্রান্ত কমিটি। এরপর ২৬ জুন নকশা জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে এফআর টাওয়ার ১৬ থেকে ২৩তলা ভবন নির্মাণের অভিযোগে মালিক, রাজউকের সাবেক দুই চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। এই মামলায় বিচারিক আদালত উল্লেখিত তিন আসামিকে জামিন দিলে এর বিরুদ্ধে দুদক থেকে হাইকোর্টে আবেদন করা হয়।

আরও পড়ুন

×