ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চীন বাংলাদেশ যৌথ হৃদরোগ ক্লিনিক উদ্বোধন

চীন বাংলাদেশ যৌথ হৃদরোগ ক্লিনিক উদ্বোধন
×

মঙ্গলবার বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কার্ডিওভাসকুলার ডিজিজেস ক্লিনিক উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি : পিআইডি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ | ২২:৪০

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাস্কুলার ডিজিজেসে (এনআইসিভিডি) দেশে প্রথম চীন-বাংলাদেশ যৌথ কার্ডিওভাস্কুলার ডিজিজ ক্লিনিক, নতুন ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টার এবং পুনর্নির্মিত করোনারি কেয়ার ইউনিট উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

উপদেষ্টা বলেন, দেশে হৃদরোগ চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছে সরকার। গরিব হোক কিংবা ধনী– সবার জন্য সমান চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা কাজ করছি। উন্নত চিকিৎসা দেশে নিশ্চিত করতে পারলে রোগীদের বিদেশমুখিতা অনেকটাই কমে আসবে।

চীন সরকারের সহায়তায় ইনস্টিটিউটে যুক্ত হয়েছে ৩৯টি সিসিইউ বেড এবং ১০ বেডের ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টার। পাশাপাশি বাংলাদেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে কাজ করবে ইউনান প্রদেশের ফুয়াই ইউনান হাসপাতালের বিশেষজ্ঞ দল। এ বিষয়ে এনআইসিভিডি ও চীন সরকারের মধ্যে একটি সমঝোতা চুক্তিও সই হয়েছে।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রথম যৌথ কার্ডিওভাস্কুলার ক্লিনিক প্রতিষ্ঠা দুই দেশের স্বাস্থ্যসেবা সহযোগিতায় নতুন অধ্যায় সৃষ্টি করল। জনস্বাস্থ্য ব্যবস্থাপনা ও চিকিৎসা প্রযুক্তি উদ্ভাবনে ভবিষ্যতেও দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়দুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, এনআইসিভিডির পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, ইউনান পররাষ্ট্র দপ্তরের উপমহাপরিচালক মা জুয়োক্সিন এবং ফুয়াই ইউনান হাসপাতালের উপপরিচালক শি জিনইয়াং।

আরও পড়ুন

×