লেবাননের পররাষ্ট্রমন্ত্রীকে ড. মোমেনের ফোন
বৈরুতে জরুরি চিকিৎসা সহায়তা দেবে বাংলাদেশ
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২০ | ০৫:১০
লেবাননে খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা সামগ্রী এবং মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এছাড়াও প্রয়োজনে জরুরি ভিত্তিতে লেবাননকে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে সে দেশে বিস্ফোরণে নিহতদের বিষয়ে সহানুভূতি প্রকাশ করেন। এ সময় তিনি বাংলাদেশের পক্ষ থেকে জরুরি সহায়তা দেওয়ার বিষয় অবহিত করেন। এসময় ড. মোমেন বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লেবাননে শক্তিশালী বিস্ফোরণে ৪ জন বাংলাদেশি নিহত হন। এতে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া সে দেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘‘বিজয়’’ এর ক্ষতি হয়েছে।