প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক চায় খেলাঘর
খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ | ২০:৩৮
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বহালের দাবি জানিয়েছে কেন্দ্রীয় খেলাঘর আসর। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫’ এর সংশোধন বাতিল করে এ বিষয়ে দ্রুত উদ্যোগের দাবি জানিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠনটি।
শনিবার খেলাঘর কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সভায় এই দাবি জানানো হয়। খেলাঘরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস রত্নার সভাপতিত্বে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন প্রণয় সাহা।
সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী, ওসমান গনি, সাংবাদিক চিত্ত রঞ্জন শীল, অধ্যক্ষ শরীফ আহমেদ, নাজমুল আহসান অপু ও হান্নান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুনীল সরকার, সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর সাহা, সাংবাদিক অশোকেশ রায়, শামীম আহমেদ, গোবিন্দ বাগচি, নসরু কামাল খান, হাফিজুর রহমান মিন্টু ও শিল্পী রহমান।
২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫’ এর প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল। এর দুই মাসের মধ্যে বিধিমালায় সংশোধন এনে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেওয়া হয়। সংশোধিত বিধিমালা গেজেটে ২ নভেম্বর প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
খেলাঘরের সভায় এর তীব্র প্রতিবাদ জানিয়ে সরকারি প্রাথমিকসহ সব ধরনের বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়কে বাধ্যতামূলক এবং শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়। সভায় খেলাঘর আন্দোলন আরও গতিশীল করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
