ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইউনিসেফের বিবৃতি

টাইফয়েড টিকা পেয়েছে দেশের ৯৭ শতাংশ শিশু

টাইফয়েড টিকা পেয়েছে দেশের ৯৭ শতাংশ শিশু
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ | ২২:৫১

দেশের ৯৭ শতাংশ শিশু টাইফয়েড টিকা পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি। ইউনিসেফ জানিয়েছে, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইন ২০২৫-এর মাধ্যমে চার কোটি ২৫ লাখের বেশি শিশু সুরক্ষা পেয়েছে।

ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, সন্তান গুরুতর অসুস্থ হলে পরিবার যে অর্থনৈতিক ও মানসিক চাপে পড়ে, সেখান থেকেও পরিবারগুলোকে রক্ষা করতে কাজ করে যাচ্ছে সরকার। জীবন রক্ষাকারী এই টিকা ক্যাম্পেইন চালু করা বিশ্বের অষ্টম দেশ হলো বাংলাদেশ।

ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) করা সর্বশেষ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভেতে (এমআইসিএস) দেখা গেছে, বাংলাদেশে মাত্র ৩৯ দশমিক ৩ শতাংশ মানুষের নিরাপদ ব্যবস্থাপনার আওতায় পানি পাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া প্রতি ১০টির মধ্যে আটটি পরিবারের ব্যবহৃত পানির নমুনায় ই-কোলাই ব্যাকটেরিয়া দূষণ রয়েছে।

রানা ফ্লাওয়ার্স বলেন, এ সংখ্যাগুলো প্রমাণ করে, লাখ লাখ শিশু টাইফয়েডে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। সাধারণ এক গ্লাস পানিও তাদের জন্য গুরুতর বিপদ ডেকে আনতে পারে। তাই ইউনিসেফ জরুরি ভিত্তিতে বাংলাদেশ সরকারকে এ ক্যাম্পেইন শুরু করতে সহায়তা করেছে।

রানা ফ্লাওয়ার্স জানান, পাঁচ কোটি ৪০ লাখ ডোজ টিসিভি টিকা সরবরাহ করা থেকে শুরু করে শক্তিশালী পরিকল্পনা প্রণয়ন, নতুন কোল্ড রুম নির্মাণের মাধ্যমে কোল্ড চেইন ব্যবস্থার উন্নয়ন, সঠিক সময়ে সঠিক শিশুর কাছে টিকা পৌঁছে দিতে ভ্যাক্সইপিআই ও বিভিন্ন ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রেখেছে ইউনিসেফ।

আরও পড়ুন

×