ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

আন্দোলনকারীদের ওপর হামলা

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে শোকজ

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে শোকজ
×

ফাইল ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ১০:০০

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ছয় শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

রেজিস্ট্রার বলেন, গত ২১ সেপ্টেম্বর ভিসির পদত্যাগের আন্দোলনের সময় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের রাফিজুল ইসলাম, নূরুদ্দিন নাহিদ, আরিফুল ইসলাম সাকিব, মাজহারুল ইসলাম মিশন, রাহাত আল আহসান ও ইসমাইল শেখের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে। ওই বিষয়ে প্রথম তদন্ত কমিটি কোনো সুস্পষ্ট তথ্য দিতে না পারায় ফের কমিটি গঠন করা হয়। তদন্তে ওই ছয় শিক্ষার্থীর সংশ্নিষ্টতা পাওয়া গেছে। তাদের তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। ১১ নভেম্বর সকাল ১০টায় শৃঙ্খলা বোর্ডের সামনে উপস্থিত হতে বলা হয়েছে। সেই সঙ্গে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদের শ্রেণিকক্ষে উপস্থিত হতে নিষেধ করা হয়েছে।

শিক্ষার্থীদের ১৭ দফা দাবি : এদিকে, ১৭ দফা দাবিতে মঙ্গলবার শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তারা জানান, সাবেক ভিসি অধ্যাপক খোন্দকার নাসিরউদ্দিনের দায়িত্ব পালন করার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন মাত্রাতিরিক্ত হল ভাড়া, ক্রেডিট ফি, চিকিৎসা ফি, পরিবহন ভাড়াসহ বিভিন্ন বিষয়ে টাকা আদায় করেছে এবং সেই ধারা অব্যাহত রয়েছে। এই মাত্রাতিরিক্ত ফি কমানো ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে তারা বিক্ষোভ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, শিক্ষার্থীরা যেসব দাবি করেছে, তা লিখিত আকারে পেয়েছি। একাডেমিক এবং রিজেন্ট বোর্ডের সভায় দাবিগুলো উত্থাপন করা হবে। আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুন

×