ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্টের রুল

কক্সবাজারে পুনরায় জন্মনিবন্ধন কেন শুরু হবে না

কক্সবাজারে পুনরায় জন্মনিবন্ধন কেন শুরু হবে না
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ১০:৩৬

কক্সবাজারের চারটি পৌরসভা ও ৭১টি ইউনিয়ন পরিষদ এলাকায় জন্মনিবন্ধন প্রক্রিয়া পুনরায় শুরু করতে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি ওইসব এলাকায় এ কার্যক্রম পুনরায় চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র সচিব, নির্বাচন কমিশন, রেজিস্ট্রার জেনারেল (জন্ম ও মৃত্যু), চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্নিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

কক্সবাজারের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা গত ১৪ অক্টোবর একটি রিট আবেদন করেন। এতে কক্সবাজারের স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত '২০ মাস ধরে বন্ধ জন্মনিবন্ধন' শীর্ষক প্রতিবেদন যুক্ত করে ওইসব এলাকায় জন্মনিবন্ধন প্রক্রিয়া পুনরায় চালুর নির্দেশনা চাওয়া হয়। প্রতিবেদনের একটি অংশে বলা হয়, রোহিঙ্গা শিশুদের জন্মনিবন্ধন ঠেকাতে কক্সবাজারে জন্মনিবন্ধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

আদালতে রিটের পক্ষে আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা নিজেই শুনানি করেন।

আরও পড়ুন

×