শিল্পকলায় ৩ দিনের অনুষ্ঠান স্থগিত, সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া
ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ২২:২৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ | ২২:৩৪
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও ‘আপসহীন নেত্রী’ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের প্রধান সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তাঁর প্রয়াণে ঘোষিত রাষ্ট্রীয় শোকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত একাডেমির সকল ধরনের অনুষ্ঠান ও কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাঁর বিদায়ে দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।
শিল্পকলা ও আলিয়ঁস ফ্রঁসেজের কার্যক্রম স্থগিত
খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একাডেমির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, শোকের আবহে ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত একাডেমির সকল নাট্য ও সাংস্কৃতিক প্রদর্শনী বন্ধ থাকবে। আগামী ৩ জানুয়ারি থেকে নিয়মিত কার্যক্রম পুনরায় চালু হবে।
একইভাবে জাতীয় শোকের প্রতি সম্মান জানিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকাও তাদের সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করেছে।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ জানুয়ারি পর্যন্ত তাদের সকল উৎসব, কর্মশালা ও জনসমাগমমূলক আয়োজন বন্ধ থাকবে। তবে ফরাসি ভাষার ক্লাস ও শিক্ষামূলক কার্যক্রম পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।
সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিক্রিয়া
সাবেক প্রধানমন্ত্রীর বিদায়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তা দিয়েছেন। এছাড়া বাংলা একাডেমি, মুক্তিযুদ্ধ জাদুঘর, থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’, বাংলাদেশ মহিলা পরিষদ, অভিনয় শিল্পী সংঘ, বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতি, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য সহ বিভিন্ন সংগঠন পৃথক বিবৃতিতে শোক জানিয়েছে।
মুক্তিযুদ্ধ জাদুঘর তাদের শোকবার্তায় উল্লেখ করে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধের অগ্রসেনানী, সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।’
উদীচী ও কবিতা পরিষদের শোক
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। উদীচী কেন্দ্রীয় সংসদের বিবৃতিতে জানানো হয় , ‘১৯৮০-এর দশকে স্বৈরাচার এরশাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলন এবং গত ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে তাঁর আপসহীন লড়াই ও লৌহদৃঢ় অবস্থান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
অন্যদিকে জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান ও সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন এক শোকবার্তায় বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর আপসহীন নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।’
থিয়েটার পত্রিকা ক্ষ্যাপা বেগম খালেদা জিয়ার বর্নাঢ্য রাজনৈতিক জীবনকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।
এছাড়া সহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন মোর্চা সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছে।
- বিষয় :
- শিল্পকলা একাডেমি
