বাড়ি দখলের অভিযোগ
কাজী ফিরোজের বিরুদ্ধে দুদকের চার্জশিট
কাজী ফিরোজ রশীদ -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ১০:১৯
বাড়ি দখলের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের এমপি কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার কমিশনের উপপরিচালক জাহাঙ্গীর আলম আদালতে চার্জশিটটি পেশ করেন।
প্রতারণা করে জাল দলিলে রাজধানীর ধানমন্ডির ২নং রোডের ১০ নম্বর (পুরাতন ৭০) প্লটের বাড়িটি দখলের অভিযোগে দুদক উপপরিচালক জুলফিকার আলী বাদী হয়ে ২০১৬ সালের ৬ এপ্রিল তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি দায়ের করেছিলেন। দীর্ঘ সময়ে তদন্ত শেষে কমিশনে প্রতিবেদন পেশ করা হলে কমিশন চার্জশিটের অনুমোদন দিয়েছে।
জানা গেছে, কানাডা প্রবাসী এস মাহমুদ আলী সম্প্রতি ঢাকায় এসে ওই বাড়িটি দখলের বিষয়ে দুদকে অভিযোগটি পেশ করেছিলেন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, অভিযোগটি অনুসন্ধান করে কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল দলিল তৈরি করে তিনি ওই বাড়িটি দখল করেছেন। বর্তমানে ওই বাড়িটির প্রকৃত মালিক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মরহুম মোহাম্মদ আলীর স্ত্রী মৃত বেগম আলীয়া মোহাম্মদের কানাডা প্রবাসী ছেলে এস মাহমুদ আলী ও তার বোন সৈয়দা মাহমুদা আলী।
চার্জশিটে বলা হয়, তৎকালীন পাকিস্তান সরকার ১৯৫১ সালে ধানমন্ডির ওই প্লটটি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মরহুম মোহাম্মদ আলীর নামে লিজ দেয়। ১৯৫৫ সালে মোহাম্মদ আলী বেগম আলীয়াকে দ্বিতীয় বিয়ে করে ওই প্লটটি তার নামে লিখে দেন। পরে একতলা একটি বাড়ি নির্মাণ করে দেন। ১৯৬৩ সালে আলীয়া বেগমের নামে প্লটটির নামজারি (মিউটেশন) করা হয়। এরপর ১৯৭০ সালে গণপূর্ত মন্ত্রণালয় ৫০৯/এল স্মারকে বেগম আলীয়া মোহাম্মদ, তার ছেলে এস মাহমুদ আলী ও কন্যা সৈয়দা মাহমুদা আলীর নামে দ্বিতীয় দফায় প্লটটি লিজ দেয়।
চার্জশিটে আরও বলা হয়, ১৯৭৯ সালের ১৬ আগস্ট কাজী ফিরোজ রশীদ রেজিস্ট্রিকৃত ডেড অব এগ্রিমেন্ট ফর সেল নং-৩১১৫৪ দলিলে বেগম আলীয়া মোহাম্মদ আলীকে ভুয়া দাতা সাজিয়ে ও সাক্ষী হিসেবে কাজী আরিফুর রহমানের নাম উল্লেখ করে কাগজপত্র তৈরি করে তৎকালীন জেলা রেজিস্ট্রার এম আহমেদের সহযোগিতায় ওই বাড়িটি দখল করেন।
- বিষয় :
- কাজী ফিরোজ রশীদ
- দুদক
- চার্জশিট