ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে কোনো আপস নয়: প্রসিকিউটর তামিম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন দফা দাবি

জুলাই মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে কোনো আপস নয়: প্রসিকিউটর তামিম
×

ছবি : সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ | ০৪:২০

তিন দফা দাবি বাস্তবায়নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবি জানিয়ে গতকাল সোমবার বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গেণ সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

দাবিগুলো হলো–জুলাই-আগস্টের মামলায় যাতে কোনো অপরাধী জামিন, অব্যাহতি বা খালাস না পায়; জুলাই হত্যাকাণ্ডে যারা সহায়তাকারী ব্যবসায়ী, সাংস্কৃতিক, প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় নিয়ে আসা এবং সারাদেশে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের তদন্তের ক্ষেত্রে একটি বিশেষ তদন্ত টিম ও স্পেশাল ট্রাইব্যুনাল গঠন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম সাংবাদিকদের বলেন, জুলাই মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ (আপস) করা হবে না। জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় লক্ষ্মীপুরের এক আওয়ামী লীগ নেতার জামিন ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের পর এ সংবাদ সম্মেলন হয়।

গত রোববার জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসুস্থ হুমায়ুন কবির পাটোয়ারীকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এ প্রসঙ্গে তামিম বলেন, ৫ আগস্টের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালের দেড় বছরে ১১ জানুয়ারি প্রথম একজন আসামি শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। ট্রাইব্যুনালের জামিন দেওয়ার এখতিয়ার রয়েছে। এটি দেশের অন্যান্য আইনেও আছে, আমাদের আইনেও আছে। জামিন সাধারণত দুটি কারণে দেওয়া হয়। একটি হলো মামলায় যদি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ না থাকে অথবা অভিযোগটা সুনির্দিষ্ট না হয়। এই আসামিকে শুধু মানবিক কারণে জামিন দেওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষের প্রতিবেদন অনুযায়ী, এই আসামি বেশ কিছু জটিল রোগে আক্রান্ত। শর্ত আরোপ করে তাঁর জামিন মঞ্জুর করেন আদালত।

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের বিচারে আমরা কেউই কোনো ক্ষেত্রে কম্প্রোমাইজ করব না, করার কোনো সুযোগও নেই। কারণ এ দেশে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। এটি যুগে যুগে নয়, শতাব্দীতে দু-একবার হয়। দেশে ৫৪ বছর পর আবার নতুন করে পুনর্নির্মাণ করার একটা সুযোগ দিয়ে গেছেন ১ হাজার ৪০০ শহীদ। তাই এর অপব্যবহার করলে আমরা তাদের কাছে দায়ী থাকব।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘মাত্র দুটি ট্রাইব্যুনালে ৬৪ জেলায় সংঘটিত গণহত্যার বিচার হচ্ছে। একটি প্রসিকিউশন টিম ও একটি তদন্ত সংস্থা। এরপরও আমরা প্রায় দুই শতাধিক আসামির বিচার শুরু করতে পেরেছি। কতদূর শেষ করে যেতে পারব জানি না। কিন্তু চিফ প্রসিকিউটরের নেতৃত্বে এই বিচারের সহায়তার জন্য প্রসিকিউশন টিমের কোনো ধরনের গাফিলতি নেই।’

জুলাই হত্যাকাণ্ডে সহায়তাকারী ব্যবসায়ী ও সংস্কৃতিকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ বিষয়ে তামিম বলেন, ‘আমাদের কাছে অভিযোগ এলে অতি দ্রুত এ ব্যাপারে তদন্ত শুরু করা হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন দফা দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের তিন দফা দাবির একটি হলো বিচার ত্বরান্বিত করতে একটি বিশেষ তদন্ত টিম ও একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন। এটি সরকারের দায়িত্ব। আমাদের পক্ষ থেকে আমরা এই দাবিটি শিগগিরই সরকারের কাছে পৌঁছে দেব। আশা করছি সরকার খুব দ্রুত পদক্ষেপ নেবে।’

আরও পড়ুন

×