আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আবু সাঈদ হত্যা মামলার যুক্তি উপস্থাপন ২০ জানুয়ারি
আশুলিয়ায় সাত হত্যার প্রসিকিউশন পক্ষে যুক্তি উপস্থাপন শুরু
আবু সাঈদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬ | ০৭:৫৪
| প্রিন্ট সংস্করণ
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২০ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার এই দিন ধার্য করেন।
এদিন এ মামলায় জবানবন্দি দেওয়া তদন্ত কর্মকর্তা রুহুল আমিনকে পুনঃপরীক্ষা করেন প্রসিকিউশন। পরে তাঁকে জেরা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলামের আইনজীবী আমিনুল গণি টিটো। পরে ২০ জানুয়ারি দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে যুক্তিতর্ক শুরু হবে। এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন ছয়জন। তারা গতকাল ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
আশুলিয়ায় সাত হত্যার যুক্তি উপস্থাপন শুরু জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন করেছে প্রসিকিউশন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এদিন প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
প্রসিকিউশনের পক্ষে প্রথমে এ মামলা সম্পর্কিত জাতিসংঘের প্রতিবেদন, ভিডিওসহ নানা তথ্য-উপাত্তের বিবরণ দেন মিজানুল ইসলাম। পরে সাফাই সাক্ষ্য দেওয়া ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেনের ব্যক্তিগত দায় তুলে ধরেন। অর্থাৎ ঘটনার দিন তথা ২০২৪ সালের ৫ আগস্ট ঘটনাস্থলে তিনি ছিলেন না বলে দাবি করে আসামিপক্ষ।
ওই দিন টঙ্গীবাড়ি এলাকায় দায়িত্বরত ছিলেন বলে দাবি তাদের। তবে এদিন শেষ না হওয়ায় আজ বৃহস্পতিবার বাকি যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।
- বিষয় :
- আবু সাঈদ
