ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬ | ১৬:৫৯ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ | ১৬:৫৯

বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ বিদ্যুৎ খাতের ১৫টি সরকারি সংস্থা ও কোম্পানির সাড়ে পাঁচশত অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহণ করেন।

শনিবার বিদ্যুৎ ভবনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম, সম্মানিত অতিথি হিসেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এম. এম. জিয়াউল আলম ও বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ খাতের সংস্থাগুলোর ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রেসিডেন্ট প্রকৌশলী সেখ মো. আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবীদের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি অবসরপ্রাপ্তদের বৈষয়িক সহায়তা প্রদান, বিদ্যুৎ খাতের উন্নয়নে নিয়মিত সেমিনার/সিম্পোজিয়াম আয়োজন, অবসরপ্রাপ্তদের স্বাস্থ্য ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে সেমিনার আয়োজন ও পরামর্শ সেবা প্রদানসহ বিভিন্ন সেবামূলক ও সামাজিক দায়িত্ব পালন করে আসছে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সারাদেশ থেকে আগত সদস্যরা সাধারণ আলোচনায় অংশগ্রহণ করেন। পরে প্রকৌশলী সেখ মো. আলাউদ্দীনকে প্রেসিডেন্ট এবং প্রকৌশলী খান মনজুর মোরসেদকে মহাসচিব করে পরবর্তী তিন বছর মেয়াদের জন্য সমিতির ৩০ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, কুমিল্লা, বগুড়া থেকে ডেলিগেটরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

×