জাবি শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত
জাবির পুরাতন প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান- সমকাল
জাবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০১:১০ | আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ | ০১:৫২
অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরও উপচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পরে বিকেল সাড়ে ৫টার মধ্যে হল ত্যাগের নিদের্শ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীরা কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে উপচার্যের পদত্যাগের দাবিতে রাতেও হলে অবস্থান করেন। পরে বুধবার সকাল থেকে ফের আন্দোলন শুরু করেন তারা।
এদিকে দ্রুত আবাসিক হল খালি করার নির্দেশ দিয়েছেন প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ। সমকালকে তিনি বলেন, ‘হল কমিটির সভাপতিসহ আমরা জরুরি মিটিংয়ে বসেছি। এর আগে বুধবার দুপুর ১টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা হল ত্যাগ করেনি। ফলে আমরা মিটিং শেষে বিকেল ৩টার দিকে ফের হল ত্যাগের সময় জানাবো শিক্ষার্থীদের।’
আন্দোলনকারী, সাধারণ শিক্ষার্থী, ছাত্রলীগ কেউই হলে থাকতে পারবে না এবং প্রয়োজন হলে পুলিশ আবাসিক হলে গিয়ে তল্লাশি চালাবে বলে জানান প্রভোস্ট কমিটির সভাপতি।
তবে শিক্ষার্থীরা 'হল ভ্যাকেন্ট' এর তীব্র বিরোধিতা করেছেন। তারা বলছেন উপাচার্য অপসারিত না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।