প্রাথমিক সমাপনী পরীক্ষা গ্রহণে বিকল্প প্রস্তুতি
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০১:৩৮ | আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ | ০১:৪০
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণে বিকল্প প্রস্তুতি নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা পরীক্ষা বর্জন করলে বিকল্প হিসেবে হাইস্কুল ও মাদরাসা শিক্ষকদের দ্বারা পরীক্ষা পরিচালনা করা হবে।
বিষয়টি জানিয়ে অধিদপ্তর থেকে সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. সাবের হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অত্র দপ্তরের তথ্যানুযায়ী সারাদেশে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট সাত হাজার ৪৫৮টি কেন্দ্র রয়েছে। এরমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন হাজার ৯৩১টি এবং উচ্চ বিদ্যালয় ও মাদরাসায় তিন হাজার ৫২৭টি কেন্দ্র রয়েছে। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে মাঠ পর্যায়ে কেন্দ্র নির্বাচন সম্পন্ন হলেও শিক্ষকগণের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে মর্মে আশঙ্কা করা হচ্ছে।
‘এমতাবস্থায় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে যে সব পরীক্ষা কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কেন্দ্র সচিব অথবা ইনভিজিলেটরের দায়িত্বপ্রাপ্ত সে সব পরীক্ষা কেন্দ্রে প্রয়োজনে উচ্চ বিদ্যালয় বা মাদরাসার প্রধান শিক্ষক/সুপারিনটেনডেন্ট/সহকারী শিক্ষকদের দায়িত্ব দিয়ে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার বিকল্প প্রস্তুতি গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা শিক্ষা অফিসার ছাড়াও প্রাথমিক শিক্ষার সববিভাগীয় উপপরিচালক, সব পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট, উপজেলা/থানা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টরকে এ নির্দশনা পাঠানো হয়েছে।
বেতন বৈষম্য নিরসনে তথা প্রধান শিক্ষকদের ১০ম ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনের দাবিতে আন্দোলন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
আগামী ১৭ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য প্রাথমিক সমাপনী পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।