ভর্তিচ্ছুদের হলে থাকতে দেওয়ার দাবিতে বেরোবিতে বিক্ষোভ
মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০২:৩১ | আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ | ০৪:০০
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় আবাসিক হলগুলোতে ভর্তিচ্ছুদের থাকার ব্যবস্থাসহ তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ভর্তি পরীক্ষা চলাকালীন ভর্তিচ্ছুকদের হলে থাকার অনুমতি দেওয়া, বিগত সময়ে ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা ও এ আন্দোলনের সঙ্গে জড়িতদের হয়রানি বন্ধ করা।
এর আগে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে সমাবেশ করে প্রশাসনিক ভবন ঘেরাও করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে মহাসড়ক অবরোধ করেন তারা।
আগামী ১০ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা। নিরাপত্তার স্বার্থে সে সময় শুধু বৈধ আবাসিক শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে। এছাড়া ডরমেটরিতে কোনো অতিথি অবস্থান করতে পারবে না বলে গত ২৯ অক্টোবর ভর্তি কমিটির চতুর্থ সভায় সিদ্ধান্ত হয়।
প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনোজ্জামান বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- বেরোবি
- বিক্ষোভ
- সাধারণ শিক্ষার্থী
- আবাসিক হল