রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাল পৌনে ৫ লাখ পোস্টাল ব্যালট
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:০৩ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৪১
প্রবাস ও দেশের বিভিন্ন স্থান থেকে ৪ লাখ ৭০ হাজার ২০২টি পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। এর মধ্যে প্রবাসী ভোটারদের পাঠানো ৩ লাখ ১৮ হাজার ১২৫টি ব্যালট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানোর কাজ শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার ইসির পোস্টাল ব্যালটে প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
ইসি জানায়, বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ২৭ হাজার ৪৫০টি পোস্টাল ব্যালট। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন প্রবাসী এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে পোস্টাল ব্যালট জমা দিয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৭৬৫ জন প্রবাসী। বাংলাদেশে পৌঁছেছে ৪ লাখ ২৮ হাজার ৮২৮টি, যার মধ্যে ৩ লাখ ১৮ হাজার ১২৫টি ব্যালট রিটার্ন কর্মকর্তার কার্যালয়ে পাঠানোর কাজ শেষ করেছে ইসি।
ইসি আরও জানায়, দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট। এর মধ্যে গ্রহণ করেছেন ৪ লাখ ৪৩ হাজার ৫৪২ জন ভোটার। ভোট দিয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৮৯৮ জন, আর পোস্ট অফিসে জমা দিয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৮৯৮ জন। রিটার্নিং কর্মকর্তা এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন ১ লাখ ৫২ হাজার ৭৭টি।
এবার দেশ ও দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার। বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদশীরা ছাড়াও দেশের ভেতরে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং আইনি হেফাজতে থাকা কয়েদিরা এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
