ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মানবতাবিরোধী অপরাধের ২৯৩ আসামি পলাতক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২১ মামলা

মানবতাবিরোধী অপরাধের ২৯৩ আসামি পলাতক
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৪৭

| প্রিন্ট সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের ২১ মামলায় ৪৫৭ আসামির বিচার চলছে। এরমধ্যে ২৯৩ জন পলাতক, ১৬৪ জন কারাগারে আছেন। 
দুটি ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ এবং আওয়ামী লীগ শাসনামলে গুম, হত্যা, নির্যাতনের অভিযোগ রয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর সরকারের মন্ত্রী-এমপি, সাবেক বিচারপতি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা এবং বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা, সাবেক পুলিশ কর্মকর্তা। 
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে পুনর্গঠিত ট্রাইব্যুনালে চলতি বছর ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল হয়েছে। এই ১৭ মাসে তিনটি মামলার রায় হয়েছে। দুই মামলায় ট্রাইব্যুনাল-১ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। ট্রাইব্যুনাল-২ গাজীপুরের সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৫ জনকে কারাদণ্ডাদেশ দেন। রাজসাক্ষী হওয়া এক আসামিকে ক্ষমা করা হয়। 

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আসামিদের মধ্যে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ বেসামরিক ব্যক্তি রয়েছেন ৭৪ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যক আসামি রয়েছেন। এর মধ্যে পুলিশ সদস্য ৬৫ জন, সেনাবাহিনীর সদস্য ২০ এবং আনসারের একজন সদস্য রয়েছেন।
মূল মামলাগুলোর পাশাপাশি তদন্তে থাকা বিবিধ মামলা (মিস কেস) ৩৪টি। এর মধ্যে ট্রাইব্যুনাল-১-এ ৩২টি এবং ট্রাইব্যুনাল-২ এ দুটি মামলা রয়েছে। এসব মামলায় ২০৭ আসামির মধ্যে ৯৬ জন গ্রেপ্তার হয়ে কারাগারে এবং ১২৫ জন পলাতক রয়েছেন। 

আরও পড়ুন

×