পাবিপ্রবি ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
পাবিপ্রবি ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন-সমকাল
পাবনা অফিস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০৯:০৭
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীসহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বুধবারও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
নবম দিনের মতো এদিন দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিলকালে লাল কার্ড প্রদর্শন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়েও তারা অবস্থান নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, উপাচার্য ড. এম রোস্তম আলীর কাছে চাকরি প্রার্থীর ঘুষ ফেরত চাওয়ার অডিও তদন্তসহ ১২ দফা দাবি পূরণে আন্দোলন করছেন তারা। দাবি পূরণে বেঁধে দেওয়া সময়সীমা পার হলেও প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের এক দফা দাবিতে গত ২৯ অক্টোবর থেকে আন্দোলন করছেন তারা। আগামী ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগেই সংকট সমাধানের দাবি শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের চলমান আন্দোলন বন্ধ করার জন্য পুলিশ প্রশাসন দিয়ে শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি পূরণ না হলে আগামী ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা পাঁচ দফা দাবিতে কর্মবিরতি দিয়ে ভিসির কাছে স্মারকলিপি দিয়েছেন। দাবি পূরণ না হলে আগামী শনিবার থেকে কর্মবিরতিসহ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন কর্মচারীরা। এদিকে চলমান সংকট নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ ও কর্মকর্তা পরিষদ ক্যাম্পাসে মানববন্ধনসহ ভিসির কাছে স্মারকলিপি দিয়েছে বলে জানা গেছে।