ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন কর্মপরিকল্পনা

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন কর্মপরিকল্পনা
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:১১ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:১৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সেবার পরিধি সম্প্রসারণ এবং জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করা, হাসপাতাল ব্যবস্থাপনায় জবাবদিহিতা বাড়ানো, ওষুধ সরবরাহব্যবস্থা শক্তিশালী করা এবং ডিজিটাল স্বাস্থ্যসেবার বিস্তারে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই সরকারের অগ্রাধিকার। সেবার মান নিশ্চিত করতে তদারকি জোরদার করা হবে এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় স্বাস্থ্যখাতে চলমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় দেশের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

আরও পড়ুন

×