জাবি ভিসির নামে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত: নওফেল
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ১০:১৯ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ১০:০৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বুধবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান।
উপমন্ত্রী বলেন, জাবির ভিসির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করবে শিক্ষা মন্ত্রণালয়। এ বিশ্ববিদ্যালয়ে এখন দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষ ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে। এজন্য তারা উপাচার্যের পদত্যাগ চাইছে। অন্য পক্ষ বলেছে, যে ইস্যুতে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে, সেই ইস্যুতে এখনও কোনো টাকাই ছাড় করা হয়নি। তাই দুর্নীতির প্রশ্ন অবান্তর।
তিনি বলেন, এমন অবস্থায় দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দিয়ে লিখিত অভিযোগ করা হলে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করবে। বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় মন্ত্রণালয় নিজ থেকে স্বপ্রণোদিত হয়ে সেখানে তদন্ত করতে পারে না।
উপমন্ত্রী বলেন, জাহাঙ্গীরনগরে হামলার ঘটনাসহ যে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে সেটি অনভিপ্রেত। বিশ্ববিদ্যলয়ের পরিস্থিতি শান্ত রাখতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সেখানে চলমান অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ভিসির বাড়ি ঘেরাও করাটা যৌক্তিকতার মধ্যে পড়ে না। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত সবার মেনে নেওয়া উচিত।
উপমন্ত্রী নওফেল আরও বলেন, জাহাঙ্গীরনগরে শিক্ষকদের মধ্যে যে দুটি গ্রুপ তৈরি হয়েছে সেখানে তৃতীয় আরেকটি গ্রুপ সুযোগ নিয়ে সহিংসতা তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে। কেউ অন্যায় করলে তাকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়াটা আইনগত অধিকার। বিচারের আগেই কারও ওপর অযথা চাপ সৃষ্টি করা উচিত নয়।
তিনি বলেন, শিক্ষকদের মধ্যে একটি পক্ষের শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ৮ নভেম্বর লিখিত অভিযোগ দেওয়ার কথা। কিন্তু এর আগেই এক ধরনের অস্থির পরিস্থিত সৃষ্টি করা হয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন। সেইসঙ্গে সেখানে বাধাগ্রস্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও উন্নয়ন কাজ।
আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপমন্ত্রী
বলেন, ছাত্রলীগের একটি ঐতিহ্য আছে। কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে
ছাত্রলীগকে দোষী সাব্যস্ত করে থাকে। তবে ছাত্রলীগের পদে থেকে কেউ যদি কোনো
সহিংসতার সঙ্গে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- নওফেল
- শিক্ষা উপমন্ত্রী