স্বরাষ্ট্রমন্ত্রী বললেন
ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে
সালাহউদ্দিন আহমেদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ০৮:১২
| প্রিন্ট সংস্করণ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, মার্কিন দূতাবাসসহ ঢাকার গুলশান ও বারিধারায় পুরো কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়মিত বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যও সেখানে মোতায়েন থাকবে। ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় মন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায়। তিনি মার্কিন দূতাবাস ও কূটনৈতিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করতে ‘স্পিয়ার’ কর্মসূচি বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত জানান, এই কর্মসূচির জন্য দ্রুত একটি সমঝোতা স্মারক সই হওয়া প্রয়োজন। অন্যথায় বরাদ্দের মার্কিন তহবিল ফেরত যেতে পারে বা অন্য কোথাও স্থানান্তরিত হতে পারে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন নিয়ে দ্রুত এই কর্মসূচি বাস্তবায়ন করতে চায়।
জামায়াতকে ডেপুটি স্পিকার পদ দেওয়া হচ্ছে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে নাম ঠিক করতে বলা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেটার বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চাই। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করে। সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সঙ্গে নির্বাচিত হতে পারে।
- বিষয় :
- সালাহউদ্দিন আহমেদ
