ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মানবাধিকার রক্ষায় নিষ্ক্রিয় না, কার্যকর হতে চাই: মানবাধিকার কমিশন চেয়ারম্যান 

মানবাধিকার রক্ষায় নিষ্ক্রিয় না, কার্যকর হতে চাই: মানবাধিকার কমিশন চেয়ারম্যান 
×

ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ১৭:৪০

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, মানবাধিকার রক্ষায় মানুষের আস্থার জায়গা হতে চাই। আমরা নিষ্ক্রিয় থাকতে চাই না, সহায়ক হতে চাই, কার্যকর হতে চাই। 

সোমবার রাজধানীর কারওয়ান বাজার জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় মানবাধিকার কমিশন এ সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, নিজের করি'র সমন্বয়কারী খুশী কবির, সিপিডির সম্মানীত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদাসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মো. নুর খান লিটন, অধ্যাপক শরীফুল ইসলাম, ড. নাবিলা ইদ্রিস, ইলিরা দেওয়ানসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, দেশে মানবাধিকার, ন্যায়বিচার, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক আস্থার প্রশ্নগুলো নতুন গুরুত্ব নিয়ে সামনে এসেছে। এই প্রেক্ষাপটে আমাদের ওপর অর্পিত গুরুদায়িত্ব বিষয়ের সঙ্গে গ্রহণ করতে চাই। 

তিনি বলেন, একটি বাস্তব কথা হচ্ছে- কোনো কমিশনের সদিচ্ছা যতই থাকুক না কেন, তার কার্যকারিতা অনেকখানি নির্ভর করে তার আইনগত ভিত্তির ওপর। আইন যদি শক্তিশালী হয়, স্বাধীনতা যদি সুরক্ষা থাকে, ক্ষমতা যদি রাষ্ট্রীয় শাসন হয়, এবং প্রতিকার দেওয়ার সুযোগ যদি সত্যিকার অর্থে নিশ্চিত করা হয়, তাহলে কমিশনও অর্থবহ ভূমিকা রাখতে পারে। কিন্তু যদি সেই আইনের কার্যকারিতা কমিয়ে দেওয়া হয়, ক্ষমতা খর্ব করা হয়, বা স্বাধীনভাবে কাজ করার পরিসর সংকুচিত করা হয়, তাহলে ক্ষতিটা শুধু প্রতিষ্ঠানের হবে না হবে দেশের ও আপামর জনগণের। 

সদ্য বিদায় হওয়া অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে গত ৫ ফেব্রুয়ারি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন

×