ভোটের পর আবারও এনআইডি দেওয়া হচ্ছে প্রবাসীদের
নতুন করে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমও শুরু করতে যাচ্ছে ইসি
অমরেশ রায়
প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ০৭:৩৮
| প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে আবারও প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত ও বিতরণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে ১৮ হাজারের বেশি পরিচয়পত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়েছে। নতুন করে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমও শুরু করতে যাচ্ছে ইসি।
এ ছাড়া শুরু হচ্ছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম। ঈদের পরপরই এই কার্যক্রম শুরু করার বিষয়ে মাঠ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ইসি কর্মকর্তারা জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের কারণে নতুন প্রবাসী ভোটার নিবন্ধন এবং এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। ভোটের পরও কিছুটা ব্যস্ততায় কাটাতে হয় তাদের। এখন কার্যক্রম দুটি আবার শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
১৮ হাজার এনআইডি গেল প্রবাসীদের কাছে
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রমের আওতায় ১৮ হাজার ৮৬৫ জনের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করে এরই মধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইসির এনআইডি অনুবিভাগের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে ৩ মার্চ পর্যন্ত হালনাগাদ তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
বর্তমানে বিশ্বের ১৪টি দেশের মোট ২৪টি স্টেশনে প্রবাসী ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে– মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি ও দুবাই), সৌদি আরব (রিয়াদ ও জেদ্দা), কুয়েত (কুয়েত সিটি) ও কাতার (দোহা)। ইউরোপের দেশগুলোর মধ্যে রয়েছে– যুক্তরাজ্য (লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম) এবং ইতালি (রোম ও মিলান)। এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে রয়েছে– মালয়েশিয়া (কুয়ালালামপুর), জাপান (টোকিও), অস্ট্রেলিয়া (ক্যানবেরা ও সিডনি)। এ ছাড়া আমেরিকা অঞ্চলের মধ্যে রয়েছে– যুক্তরাষ্ট্র (নিউইয়র্ক, মায়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস), কানাডা (অটোয়া ও টরন্টো) এবং দক্ষিণ আফ্রিকা (প্রিটোরিয়া)।
ইসি কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত মোট ৮২ হাজার ৯৭৬ প্রবাসী বাংলাদেশি ভোটার হওয়ার আবেদন করেছেন। এর মধ্যে অনুমোদিত আবেদন ৩৯ হাজার সাতটি, বাতিল হয়েছে ১৮ হাজার ৪৫৪টি, তদন্তাধীন তিন হাজার ৬৬ এবং এনআইডি প্রিন্টের অপেক্ষায় পাঁচ হাজার ৩৯৮টি।
নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণে এবং এনআইডি-সংক্রান্ত ভোগান্তি কমাতে এই কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা চলছে। ভোটের আগে ১৪টি দেশে প্রবাসীদের ভোটার কার্যক্রম চালু ছিল। এ ছাড়া জর্ডান, বাহরাইন, সিঙ্গাপুর, ফ্রান্স এবং স্পেনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এই কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল। আগে প্রক্রিয়াধীন থাকা এই পাঁচটি দেশে ঈদের পর ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হতে পারে।
ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সমকালকে বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কোন কোন দেশ প্রবাসী ভোটার নিবন্ধনের জন্য প্রস্তুত রয়েছে, সেটা যাচাই করা হবে। এ ছাড়া আগে যেসব দেশে কার্যক্রম শুরু হয়েছিল, সেগুলোতেও পুরোদমে কাজ চলবে। প্রবাসীরা আগের মতোই অনলাইনে আবেদন করতে পারবেন।
১৬-১৭ বছর বয়সীরাও পাবে স্মার্ট কার্ড
১৬ থেকে ১৭ বছর বয়সী নাগরিকদের উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) দেওয়া হতো না। তবে এখন থেকে চাহিদার ভিত্তিতে এই বয়সীদের স্মার্ট কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
সূত্র জানায়, ১৬ ও ১৭ বছর বয়সীদের এনআইডির জন্য নিবন্ধনের ব্যবস্থা আগেই করা হয়েছিল। আগে ১৮ বছর পূর্ণ তথা ভোটার না হওয়া পর্যন্ত কাউকে স্মার্ট কার্ড দেওয়া হতো না। তবে অনেক সময় বিদেশে যেতে হলে স্মার্ট কার্ড প্রয়োজন হয়। তাই এখন থেকে কম বয়সীদের আবেদন ও চাহিদার ভিত্তিতে স্মার্ট কার্ড দেওয়া হবে।
সহজ হচ্ছে এনআইডি সেবা
এনআইডির নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে নিবন্ধন ফরমেও বড় পরিবর্তন আনছে ইসি। এ ক্ষেত্রে নিবন্ধন ফরম-২-এ নতুন একটি ঘর যুক্ত করে ‘ডাকনাম’ এবং সংশ্লিষ্ট এলাকার কোনো সম্মানিত ব্যক্তির সুপারিশ নেওয়া হবে। এই সম্মানিত ব্যক্তি সুপারিশ করবেন, তিনি আবেদনকারীকে ব্যক্তিগতভাবে চেনেন ও জানেন।
এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, নাম সংশোধন-সংক্রান্ত জটিলতা কমানোর জন্যই এনআইডিতে ডাকনাম যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এতে কোনো নাগরিক আর বলতে পারবেন না, তিনি ডাকনামে ভোটার হয়েছেন। এ ছাড়া বিশিষ্ট ব্যক্তির সুপারিশ যুক্ত হওয়ার ফলে রোহিঙ্গা কিংবা বিদেশি নাগরিকদের ভোটার হওয়া কঠিন হবে।
- বিষয় :
- এনআইডি
