ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শুভেচ্ছা সফরে রুশ নৌবাহিনীর জাহাজ চট্টগ্রামে

শুভেচ্ছা সফরে রুশ নৌবাহিনীর জাহাজ চট্টগ্রামে
×

রাশিয়ান নৌবাহিনীর জাহাজ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ২১:৫২

বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর দুটি জাহাজ রেজকি ও সোভারচেনি আজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। জাহাজ দুটি বন্দরে আগমনের পর সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার। এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার ও নেভাল অ্যাটাশে এবং নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় ঢুকলে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা ওমর ফারুক তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়। বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়করা এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, এরিয়া সুপারিন্টেন্ডেন্ট ডকইয়ার্ড এবং চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সফরসূচির অংশ হিসেবে সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমিতে রাশিয়ান নাবিক ইউভি রেডকিনের সমাধি হল রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেই সঙ্গে নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ পরিদর্শন এবং চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও রাশিয়ান জাহাজ পরিদর্শন করবেন।

এই শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়। সফর শেষে রাশিয়ান নৌবাহিনীর জাহাজ দুটি ২৭ মার্চ বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

আরও পড়ুন

×