ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

জাসদের এমপি মঈন উদ্দীন খান বাদল আর নেই

জাসদের এমপি মঈন উদ্দীন খান বাদল আর নেই
×

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল-ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ২১:৫৫ | আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ | ০২:০৭

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল মারা গেছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি....রাজিউন)।

মঈন উদ্দীন খান বাদলের চাচাত ভাই মো. ইব্রাহিম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে মরহুমের মরদেহ দেশে আনা হবে।

মৃত্যুকালে বাংলাদেশ জাসদের কার্যকরী পরিষদের একাংশের সভাপতি বাদলের বয়স হয়েছিল ৬৭ বছর। দুই বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। এরপর থেকেই অসুস্থ ছিলেন এই নেতা। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মঈন উদ্দীন খান বাদল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। নবম, দশম ও একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন তিনি।

তার মৃত্যুতে জাসদ একাংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে দেশ একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হারালো। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন

×