স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন
হাদি হত্যার আসামিদের ফেরাতে অনুরোধপত্র পাঠানো হয়েছে
সালাহউদ্দিন আহমেদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | ০৯:০৪
| প্রিন্ট সংস্করণ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় ভারতে গ্রেপ্তার আসামিদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হয়েছে। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
গতকাল বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
পুলিশ সংস্কার প্রসঙ্গে তিনি জানান, পুলিশ বাহিনীকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে বিভিন্ন উন্নত রাষ্ট্রের কাছ থেকে কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে।
এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনিও সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রাজারবাগে যান। সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশে নতুনভাবে গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে।
- বিষয় :
- সালাহউদ্দিন আহমেদ
