ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফুলপুরে কিশোরীর আত্মহত্যা

ধর্ষণের অভিযোগে ক্ষোভ, বিচার দাবি মহিলা পরিষদের

ধর্ষণের অভিযোগে ক্ষোভ, বিচার দাবি মহিলা পরিষদের
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০৫:০১

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ধর্ষণের অভিযোগের পর এক কিশোরীর আত্মহত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, সম্প্রতি অনলাইন সংবাদমাধ্যমের খবরে জানা যায় ময়মনসিংহ জেলার ফুলপুর থানার একটি এলাকায় স্থানীয় এক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কিশোরী ধর্ষণের শিকার হয়। অভিযোগ রয়েছে, গত ২৯ মার্চ রাতে প্রতিবেশী রুবেল নামে এক ব্যক্তি তাকে ধর্ষণ করে।

বিবৃতিতে বলা হয়, ঘটনার পর স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মার্চ তার মৃত্যু হয়।

মহিলা পরিষদ বলেছে, দেশে নারী ও কন্যাশিশুর প্রতি ধর্ষণ, ধর্ষণের পর হত্যা এবং আত্মহত্যার মতো ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে পরিচিত ব্যক্তি বা প্রতিবেশীদের দ্বারাই এ ধরনের সহিংসতার ঘটনা ঘটছে, যা নারীদের স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করছে এবং তাদের মারাত্মক মানসিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। তাদের নিরাপত্তাকে চরমভাবে হুমকির মুখে ফেলছে। অনেক ক্ষেত্রে নির্যাতনের শিকার নারীরা সামাজিক ও মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।

বাংলাদেশ মহিলা পরিষদ এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। ভবিষ্যতে এ ধরনের ঘটনারোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

সংগঠনটি নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে সম্পৃক্ত করে এলাকাভিত্তিক সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেছে।

বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু।

আরও পড়ুন

×