প্রথম শহীদ আবু সাঈদ হত্যার রায় আজ
আবু সাঈদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ০৮:০৫ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ | ০৮:৪১
| প্রিন্ট সংস্করণ
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৫ মার্চ রায়ের এই দিন ঠিক করেন।
প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৭ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। গত ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, আমরা আশা করছি, সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে এ মামলায় অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। সে কারণে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি। এ মামলায় প্রসিকিউশনের পক্ষে ২৫ জনের জবানবন্দি নেওয়া হয়েছে।
যুক্তিতর্ক উপস্থাপনে গ্রেপ্তার আসামিদের মধ্যে এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও আনোয়ার পারভেজ আপেলের পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু তাদের বেকসুর খালাস চান।
এ মামলায় ৩০ আসামির মধ্যে ২৪ জন পলাতক এবং ছয়জন কারাগারে আছেন। গ্রেপ্তার ছয়জন হলেন– এএসআই আমির হোসেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ আপেল।
২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। সেই দিন দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদকে পুলিশের গুলি করার ভিডিও গণমাধ্যমে প্রচার হলে ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে।
