ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

প্রথম দিনেই বলে দিয়েছেন?

প্রথম দিনেই বলে দিয়েছেন?
×
×

ভালোলাগার কথা প্রথম দেখাতে বলতে নেই! মডেল: মৌরি, রিয়াদ ও অহনা; ছবি: সাহস

ইয়াসিন মাসুম

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ০৭:৩১

| প্রিন্ট সংস্করণ

আশপাশ কিংবা পরিবার আপনাকে ভালো জানলেও আপনি কিন্তু আড্ডায় কিংবা বন্ধুদের দেখলে দুষ্টুমির বাক্স খুলে দেন। মানে, আপনিও পাড়ার সেই দুষ্টু ছেলের দলে! বন্ধুদের সঙ্গ পেলেই রুটিন করে গন্ডগোল বাধান। মিনিটের জন্যও স্থির থাকতে পারেন না। গাছে ঢিল না ছুড়লে দুষ্টুদের গায়ের চুলকানি যেমন বেড়ে যায়, তেমনি আবার আপনার এবং আপনাদের আড্ডায় মেয়েদের কথা না এলে সবার গায়ের চুলকানির মাত্রা ছাড়িয়ে যায়। মেয়েদেরও যে এমনটা হয় না; তা কিন্তু নয়। এই চুলকানি রোগে ভুগতে ভুগতে যারা খেই হারিয়ে ফেলছেন তাদের বলি, উঠে দাঁড়ান। 

আপনাকে বলছি
কানকথার খুলিতে গুলি মেরে আপনিই আড্ডা জমিয়ে দিন ললনার সঙ্গে। তাঁর হাতে হাত রেখে ঘুরে আসুন প্রকৃতির কাছ থেকে। 
জানেনই তো, প্রেমের জন্যই দেশে ফাস্টফুডের এত্ত এত্ত চাহিদা! তবে নামিদামি ফাস্টফুডশপে যাওয়ার আগে পকেটের কথা মাথায় রাখবেন। প্রথম দেখাতে আবার ফুটপাতে বাদাম নিয়ে বসে যাবেন না। তাহলে প্রেম একেবারে হাইওয়ে দিয়ে ছুট লাগাবে! 
প্রথম বসায় তাঁকেই কথা বলতে দিন। যদিও বকর-বকর করা ছাড়া আপনি থাকতে পারেন না। তবু তাঁর কথার ঝুলিটার বাঁধন খুলতে দিন। যতটা পারেন, নিজের ঠোঁটে ফেবিকল লাগিয়ে দিন। মাঝে মধ্যে মুখ ফসকে কথা বেরিয়ে গেলেও তাকে মার্জিত রূপে সাজিয়ে নিন। মনোযোগ দিয়ে শুনুন তাঁর কথা। যদি ভালো না লাগে, তবু বোঝান যে, আপনি খুব দরদ দিয়ে শুনছেন তাঁর কথা। সাবধান! চলতি পথে তাঁকে থামিয়ে দেবেন না। থামালেই গন্ডগোল!
আপনার কথা বলার সময় হলে যে বিষয়ে পণ্ডিত আপনি, সে বিষয়টাই তাঁর সামনে তুলে ধরুন। আধো-আধো জ্ঞান নিয়ে কোনো টপিক টেনে আনবেন না। আবার এটাও মাথায় রাখবেন যে, জানা বিষয়ে নিজেকে পণ্ডিত করে তোলার জন্য আজেবাজে বকে তাঁর রুচিতে কাঁটা বসানো যেন না হয়! তিনি যদি আপনাতে মুগ্ধ হয়ে বান্ধবীদের নিয়ে আসেন আপনার কাছে, তখন পা ফেলতে হবে আরও গোপনে। পানির ভেতর বালু যেমন সহজে হারিয়ে যেতে পারে, তেমনি আপনিও তাঁর বান্ধবীদের সঙ্গে মিশে যান। আবার এই মেশামেশি যেন মাত্রা ছাড়িয়ে না যায়। তাদের প্রতি আবার অতিরিক্ত আবেগ বা ইন্টারেস্ট দেখাতে যাবেন না।  
পছন্দ-অপছন্দটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই বলে ওলট-পালট ড্রেসআপ নিয়ে মেয়েটা আপনার সামনে হাজির হলেও তাঁকে কিছু বলতে যাবেন না। তিনি যে কথাই বলুন, প্রথম প্রথম মেনে নিন সব। কাটছাঁট করতে হলে পরে করুন। প্রথম দেখাতে প্রুফরিডার সাজার কী দরকার? মেনে নিন না সব। তাঁর কথা মেনে নিয়ে বন্ধুদের বশে আনুন। আড্ডায় আপনিই বলুন, আপনার প্রেমঘটিত কাহিনি। দেখবেন, আপনার প্রতি সবার দৃষ্টিভঙ্গি কেমন বদলে গেছে! 

আরও পড়ুন

×