ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

এইচএসসির ফলাফল–২০২৬

পায়ে লিখে আবারও বাজিমাত

পায়ে লিখে আবারও বাজিমাত
×
×

রফিকুল ইসলাম রাব্বি

এম সেকান্দর হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ০৮:১৮

| প্রিন্ট সংস্করণ

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পা দিয়ে লিখে জিপিএ ৫ পেয়েছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম রাব্বি। গতকাল শনিবার প্রকাশিত এইচএসসির ফলেও একই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। চট্টগ্রাম 
সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার অংশ নিয়েছিলেন বিজ্ঞান বিভাগের ছাত্র রাব্বি।

রফিকুল ইসলাম রাব্বি সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব হাসনাবাদ গ্রামের দিনমজুর বজলুর রহমানের তিন ছেলেমেয়ের মধ্যে বড়। রাব্বির জীবনের দুর্ভোগের শুরু ২০১৬ সালের ৫ অক্টোবর। তখন পঞ্চম শ্রেণিতে পড়ত সে। প্রাথমিক বিদ্যালয় থেকে ভাটিয়ারী ফুট ওভারব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় একটি বৈদ্যুতিক তারে আটকা পড়ে। দুই হাত থেকে প্রচুর রক্তক্ষরণ হয় তার। স্থানীয় লোকজন রাব্বিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। কয়েক মাসের চিকিৎসায় সুস্থ হলেও কাটা পড়ে শিশুটির হাত দুটি। তবু হাল ছাড়েনি সে। জীবনে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে শুরুতে মুখ দিয়ে লেখার চর্চা শুরু করে রাব্বি। একের পর এক পরীক্ষায় এভাবেই সাফল্য লাভ করে। অষ্টম শ্রেণি পর্যন্ত মুখ দিয়ে লেখার পর আরও দ্রুতগতি অর্জনের জন্য লিখতে শুরু করে পা দিয়ে। ২০২৪ সালে হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয় থেকে পা দিয়ে লিখেই এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ লাভ করে। এবার এইচএসসিতেও অর্জন করেছে একই ফল।

রফিকুল ইসলাম রাব্বির ভাষ্য, মৃত্যুর মুখ থেকে বেঁচে আসার পর থেকে মা-বাবা, শিক্ষকসহ অনেক মানুষই তাঁকে অনুপ্রেরণা দিয়েছেন। স্থানীয় সাংবাদিকরা শুরু থেকে তাঁকে নিয়ে একের পর এক প্রতিবেদন লিখেছেন। এতে মানুষের সহায়তা মিলেছে। এক দিন বিজ্ঞানী হয়ে মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন বুকে লালন করছেন তিনি। এ জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে চান।
ছেলের সাফল্যে গর্বিত বাবা বজলুর রহমান বলেন, রাব্বি দুর্ঘটনার শিকার হওয়ার পর তার লেখাপড়ার খরচ চালিয়ে আসছেন আইসিডিডিআরবি গবেষক ডা. ফেরেদৌস কাদেরী। এ ছাড়া ওসমান স্যার তাঁর কোচিংয়ে বিনা খরচে পড়িয়েছেন। অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান রাব্বির চিকিৎসায় সহায়তা করেছেন। এ জন্য ছেলের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই তাঁর।

আরও পড়ুন

×