শ্রুতিলেখক নিয়ে জটিলতায় পড়া তাহমিনা পেয়েছেন জিপিএ ৫
তাহমিনা আক্তার
সিলেট ব্যুরো
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ০৮:২৮
| প্রিন্ট সংস্করণ
সিলেটের গ্রিন ডিজেবল্ড ফাউন্ডেশনের আবাসিক ছাত্রী দৃষ্টি প্রতিবন্ধী তাহমিনা আক্তার মমি এইচএসসি পরীক্ষার আগে তাঁর শ্রুতিলেখক নিয়ে জটিলতায় পড়েছিলেন। শেষ পর্যন্ত সব জটিলতা কাটিয়ে পরীক্ষায় অংশ নেন তিনি। সেই মমি পেয়েছেন জিপিএ ৫।
গতকাল শনিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ড থেকে এই অনন্য অর্জন নিশ্চিত হয়েছে তাহমিনা আক্তার মমির। এর আগে সিলেট শিক্ষা বোর্ডের সাধারণ কর্তৃপক্ষ মমির শ্রুতিলেখক হিসেবে কাউকে অনুমতি না দেওয়ায় তাঁর পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
বিষয়টি জানতে পেরে স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বোর্ড চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন। পরে কর্তৃপক্ষ শ্রুতিলেখক হিসেবে নগরীর টুকেরবাজারের আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ পল্লব দেবকে অনুমতি দেন।
গতকাল শনিবার ফলাফলে দেখা গেছে তাহমিনা আক্তার মমি জিপিএ ৫ পেয়েছেন। তাঁর অভাবনীয় ফলে খুশি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়জিদ খানসহ শিক্ষকরা। ফলপ্রকাশের পর তাঁকে অভাবনীয় সাফল্যের জন্য ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
তাহমিনা আক্তার মমি শিশু শ্রেণি থেকে সিলেট নগরীর জল্লারপাড় এলাকায় অবস্থিত গ্রিন ডিজেবল্ড ফাউন্ডেশনে লেখাপড়া শুরু করেন। তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারের জুড়ি উপজেলার জায়ফর নগরে। বাবা আব্দুল আহাদ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এবারের এইচএসসি পরীক্ষায় মমি সিলেট সরকারি মদন মোহন কলেজ থেকে অংশ নেন। পরীক্ষা দেন সিলেট সরকারি কলেজ কেন্দ্রে।
ফল প্রকাশের পর শনিবার বিকেলে মমি বলেন, ‘আমি এই ফলের জন্য খুবই খুশি। আমি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। পরীক্ষার আগে আমার শ্রুতিলেখকের অনুমতি না পাওয়ায় মন খারাপ হয়।
তখন কান্না আসছিল। মন্ত্রী মহোদয় বিষয়টি সমাধানে আমাকে সহায়তা করেছেন এবং খবর নিতে তাঁর প্রতিনিধিও পাঠিয়েছেন।’
- বিষয় :
- পরীক্ষা