চট্টগ্রাম শিক্ষা বোর্ড
এক বিষয়েই অকৃতকার্য ২৩ শতাংশ পরীক্ষার্থী
শৈবাল আচার্য্য, চট্টগ্রাম
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ০৮:২০
| প্রিন্ট সংস্করণ
এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা খুব একটা ভালো করেননি। সব মিলিয়ে পাসের হার মাত্র ৫২ দশমিক ৭ শতাংশ। সব মিলিয়ে বোর্ডটি ঢাকা শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পেছনে আছে। এবারের পাসের হার বোর্ডে বিগত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন।
সর্বশেষ ২০০৪ সালে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৩ শতাংশ। এরপর থেকে আর কোনো বছরে পাসের হার ৫০ শতাংশের নিচে নামেনি। এবার জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে অর্ধেকের বেশি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির ফল পর্যালোচনা করে এসব বিষয় উঠে এসেছে।
গতকাল শনিবার প্রকাশিত ফল পর্যালোচনা করে দেখা যায়, চট্টগ্রাম বোর্ডে ২০০৫ সালে পাসের হার ছিল ৫৫ দশমিক ৫ শতাংশ। করোনা মহমারিকালে ২০২১ সালে পাসের হার ছিল ৮৯ দশমিক ৪৪ শতাংশ, ২০২২ সালে ছিল ৮০ দশমিক ৫০ শতাংশ। ২০২৪ সালে এই হার ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ। অথচ এবার হয়েছে সর্বনিম্ন ফল। এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২২ হাজার ১১৪ শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ২২ দশমিক ৯৬ শতাংশ। কলেজভিত্তিক ফলে ১৫৫টি প্রতিষ্ঠানের পাসের হার মাত্র ২০ থেকে ৫০ শতাংশের মধ্যে। গত বছর এমন কলেজের সংখ্যা ছিল ১৩৪টি। ১০টি কলেজে পাসের হার ১০ শতাংশের মধ্যে, গত বছর ছিল ছয়টি। ২৭টি কলেজে মাত্র ১০ থেকে ২০ শতাংশ পাসের হার। ৮২টি কলেজে ৫০ শতাংশের বেশি পাসের হার। যা গত বছর ছিল ৮৬টি।
পাঁচ বিষয়ে নাজুক ফল
এবার চট্টগ্রাম বোর্ডের অধীনে ২৮৩টি কলেজের ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ১১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিষয়ভিত্তিক ফলের দিক দিয়ে বেশির ভাগ বিষয়ে যেখানে পাসের হার ৯০ শতাংশের উপরে, সেখানে পাঁচটি বিষয়ে পাসের হার খুবই খারাপ। এর মধ্যে ইংরেজিতে সর্বনিম্ন ৬৫ দশমিক ৭৭ শতাংশ, উচ্চতর গণিতে ৭০ দশমিক ২৩ শতাংশ, তথ্য ও প্রযুক্তিতে ৭৩ দশমিক ৩৬ শতাংশ, হিসাববিজ্ঞানে ৮১ দশমিক ৪৬ শতাংশ এবং বাংলায় ৮৩ দশমিক ৭৪ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল মান্নান বলেন, এখন বেশির ভাগ ছাত্র পড়ালেখায় অমনোযোগী। মোবাইল ফোন, আড্ডায় সময় বেশি ব্যয় করে তারা। এর ছাপ এবারের ফলে প্রমাণিত। ছাত্রীদের পাশাপাশি ছাত্ররাও ভালো করলে বোর্ডের সামগ্রিক ফল আরও ভালো হতো। এ জন্য মা-বাবাদের আরও সচেতন হতে হবে।
- বিষয় :
- চট্টগ্রাম শিক্ষাবোর্ড