গোলটেবিল আলোচনায় বদিউল আলম মজুমদার
অতীত থেকে শিক্ষা নেয়নি বিএনপি
বদিউল আলম মজুমদার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ | ০৮:৫৮
| প্রিন্ট সংস্করণ
বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, এটি সবার জন্য অশনিসংকেত।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) আয়োজিত ‘মানবাধিকার সুরক্ষা ও স্বাধীন বিচার বিভাগ সম্পর্কিত অধ্যাদেশসমূহের বিষয়ে নাগরিক ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, ক্ষমতাসীনদের এমন আইন প্রণয়ন করা উচিত, যা তারা ক্ষমতায় না থাকলে তখনও তাদের সুরক্ষা দেবে। বর্তমান সরকার সেটা না করে উল্টোদিকে যাচ্ছে। গণভোটের ব্যাপারে অনীহা ও স্বচ্ছতা নিশ্চিতকারী গুরুত্বপূর্ণ আইনগুলো বাতিল করা নাগরিক এবং খোদ ক্ষমতাসীনদের জন্যও মঙ্গলকর হবে না।
অন্তর্বর্তী সরকারের করা উচ্চ আদালতের বিচারক নিয়োগ ও বিচার বিভাগ সচিবালয়-সংক্রান্ত অধ্যাদেশ দুটি রহিত করার সিদ্ধান্তের সমালোচনা করে বদিউল আলম বলেন, বর্তমান সরকার অতীত থেকে শিক্ষা গ্রহণ করেনি। তারা কি আবারও সেই ‘শপথপ্রাপ্ত বিচারপতি’ নিয়ে আসতে চায় বা তাদের অব্যাহত রাখতে চায়? যদি তারা এই পথে হাঁটতে থাকে, তবে এটি সবার জন্য অশনিসংকেত।
তিনি বলেন– এটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার অভিশাপ কিনা। ১৯৭৩, ২০০১ ও ২০০৮ সালের ইতিহাস আমাদের বলে, অতি-সংখ্যাগরিষ্ঠতা অনেক সময় স্বৈরাচারের আবির্ভাব ঘটায় এবং শান্তিপূর্ণ ক্ষমতা রদবদল ব্যাহত করে। তাই সংসদ সদস্যদের প্রতি আহ্বান, এসব সিদ্ধান্তের পরিণতি সম্পর্কে গভীরভাবে ভাবুন।
সাংবাদিক আবু সাঈদ খান বলেন, এখন গণঅভ্যুত্থানে পতিত, পালিয়ে যাওয়া শেখ হাসিনার সমালোচনা হয় না। জুলাই-আগস্টের সংগ্রাম ও নির্বাচনে বিজয়ীদের সমালোচনা হচ্ছে বেশি। তাহলে প্রশ্ন উঠছে, তারা কি তাহলে পথ হারিয়েছে?
এইচআরএসএসের চেয়ারম্যান শাহজাদা আল আমিন কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিশির মনির, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল, জি-নাইন এর সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন প্রমুখ।
- বিষয় :
- বদিউল আলম মজুমদার
