পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ০৭:৫৩
| প্রিন্ট সংস্করণ
পুলিশের ১১ জন উপমহাপরিদর্শক (ডিআইজি) ও দুজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অন্যদিকে পৃথক আদেশে একজন অতিরিক্ত মহাপরিদর্শকসহ (অতিরিক্ত আইজিপি) ২৩ জন কর্মকর্তার দপ্তর রদবদল করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে বিসিএস পুলিশ ক্যাডারের ১৩ কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে বলে উল্লেখ করা হয়।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন– পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ও মনিরুল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, পুলিশ সদরদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান ও শামীমা বেগম, এপিবিএন সদরদপ্তরের ডিআইজি মুনিবুর রহমান, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি আমিনুল ইসলাম এবং এপিবিএনের (পার্বত্য জেলা) ডিআইজি সালমা বেগম।
এ ছাড়া রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট ডিআইজি (পলাতক) মো. আশরাফুজ্জামান, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি (ওএসডি) ইকবাল হোসেন এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেনও বাধ্যতামূলক অবসরের তালিকায় রয়েছেন।
২৩ পুলিশ কর্মকর্তার দপ্তর বদল
পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকসহ মোট ২৩ কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। এর মধ্যে সাতজন ডিআইজি, দুজন অতিরিক্ত ডিআইজি এবং ১৩ জন পুলিশ সুপার (এসপি) রয়েছেন। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) রেজাউল করিমকে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া ডিআইজি পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট করা হয়েছে। সেখানে কর্মরত মোহাম্মদ আশফাকুল আলমকে পুলিশ অধিদপ্তরে আনা হয়েছে। রংপুর মহানগর পুলিশের কমিশনার মজিদ আলীকে সিআইডির ডিআইজি এবং হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশে, কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশ একাডেমি সারদায় বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি পর্যায়ে পুলিশের বিশেষ শাখার ফয়সল মাহমুদকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং এ এফ এম আনজুমান কালামকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এসপি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে চারজনকে সিলেট মহানগর পুলিশে বদলি করা হয়েছে। তারা হলেন হাইওয়ে পুলিশের মুহাম্মদ রহমত উল্লাহ, বিশেষ শাখার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিবিআইর মো. আকতার হোসেন এবং এপিবিএনের শাহরিয়ার আল মামুন। অন্যদের মধ্যে পুলিশ একাডেমি সারদার এলিজা শারমীনকে এপিবিএনে, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মোহাম্মদ শাহজাহান মিয়াকে বিশেষ শাখায়, পুলিশ অধিদপ্তরের এআইজি মাহফুজা আক্তারকে পুলিশ টেলিকমে এবং মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে বদলি করা হয়েছে। সেই সঙ্গে পুলিশ টেলিকমের মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুর মহানগর পুলিশে, কিশোরগঞ্জের এসপি এস এম ফরহাদ হোসেনকে পিবিআইয়ে, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে কিশোরগঞ্জের এসপি, রংপুরের এসপি মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশে এবং এপিবিএনের মোহাম্মদ মোজাম্মেলকে রংপুরের এসপি করা হয়েছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের তিনজন উপকমিশনারের অভ্যন্তরীণ বদলিও হয়েছে।
ঢাকা জেলায় প্রথম নারী ডিসি
ঢাকার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এ ছাড়া খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।
পৃথক প্রজ্ঞাপনে ঢাকার ডিসি মো. রেজাউল করিমকে ওই পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব করা হয়েছে।
ফরিদা খানম এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জেলা প্রশাসক হয়ে চট্টগ্রামে গিয়েছিলেন। গত বছরের ২১ সেপ্টেম্বর তাঁকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরে তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। ফরিদা খানম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ২০০১ সালে স্নাতক ও ২০০২ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২৫তম বিসিএস কর্মকর্তা হিসেবে ২০০৬ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন তিনি।
তিন বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
দেশের তিন বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বিভাগগুলো হলো খুলনা, বরিশাল ও সিলেট। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
খুলনার বিভাগীয় কমিশনার পদে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্লাহ হারুন, বরিশালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত কমিশনার খলিল আহমেদ এবং সিলেট বিভাগীয় কমিশনার পদে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মশিউর রহমান।
- বিষয় :
- অবসর
