আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ০৭:৪০
পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আয়োজনে সারাদেশে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
প্রতিবছর এপ্রিল মাসের শেষ বুধবার বাংলাদেশসহ বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে ১৯৯৬ সাল থেকে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশে ২০০৩ সাল থেকে এ দিবসটি উদযাপন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছরও এপ্রিল মাসের শেষ বুধবার, ২৯ এপ্রিল সরকারিভাবে দিবসটি উদযাপন করা হয়েছে।
শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সারাদেশে ৬৪ জেলায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বিভাগীয় কমিশনার কার্যালয় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। একইসাথে ঢাকাসহ সারাদেশে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
ঢাকায় দিবসটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
প্রতিমন্ত্রী বলেন, আমরা সাধারণত দৃশ্যমান জিনিসকে গুরুত্ব দিয়ে থাকি কিন্তু শব্দদূষণ যেহেতু অদৃশ্য কাজেই এটাকে কেউ গুরুত্ব দিচ্ছে না অথচ শব্দদূষণের যে প্রভাব কিংবা শব্দদূষণের যে স্বাস্থ্যগত ঝুঁকি তা মারাত্মক ক্ষতিকর।
তিনি শব্দদূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, প্রত্যেকে নিজেরা যদি সচেতন হই তবেই শব্দদূষণ কমে আসবে।
তিনি আরও বলেন, আমাদের প্রাণ প্রকৃতি বাঁচানোর জন্য সকলের দায়িত্বশীল হওয়া প্রয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ১৮টি সংগঠনের প্রতিনিধিদের উদ্যেশ্যে প্রতিমন্ত্রী বলেন, সকল সংগঠন যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে শব্দদূষণের বিষয়ে সচেতনতাবোধ তৈরি করে তাহলে তা সরকারি পদক্ষেপের পাশাপাশি খুবই কার্যকরী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. নুরুন নাহার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মীর আহমেদ তারিকুল ওমর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. সাইদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক।
- বিষয় :
- দিবস
