মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী হত্যাচেষ্টা
শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
শেখ হাসিনা। ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২৬ | ০০:২৩
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাসির আহমেদ হাওলাদার গতকাল রোববার গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস জামান গত ২০ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্রটি জমা দেন। এটি গ্রহণের বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ মে দিন ধার্য রয়েছে।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজীব প্রমুখ। এ ছাড়া সংশ্লিষ্টতা না পাওয়ায় ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় একদল আন্দোলনকারী বিক্ষোভ করছিলেন। বেলা পৌনে ৩টার দিকে তাদের ওপর লাঠিপেটা ও গুলিবর্ষণ করা হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন আশিক। পরে তাঁকে ‘মৃত ভেবে’ হামলাকারীরা রাস্তায় ফেলে চলে যায়। ওই ঘটনায় একই বছরের ২৮ সেপ্টেম্বর আশিক নিজেই বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানকসহ অন্যদের ষড়যন্ত্র এবং পূর্ব নির্দেশনা অনুযায়ী অভিযোগপত্রভুক্ত অপর আসামিরা পরস্পর অপরাধমূলক ষড়যন্ত্র করে সারাদেশে ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনকে সহিংসভাবে থামানোর লক্ষ্যে সচেষ্ট ছিলেন।
- বিষয় :
- শেখ হাসিনা
- আদালত
