ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আপিল বিভাগে মামলার স্তূপ, কমছে বিচারপতি

ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা ৪১ হাজারের বেশি

আপিল বিভাগে মামলার  স্তূপ, কমছে বিচারপতি
×

 ওয়াকিল আহমেদ হিরন

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ০৭:৫৬

| প্রিন্ট সংস্করণ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন মামলা বাড়লেও কমছে বিচারপতি। প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি না থাকায় একটি বেঞ্চ দিয়ে মামলা নিষ্পত্তি করা হচ্ছে সর্বোচ্চ আদালতে। গত বছর আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয় দুজন বিচারপতি। এর মধ্যে সম্প্রতি একজন অবসরে গেছেন। বর্তমানে আপিল বিভাগে পাঁচজন বিচারপতি কর্মরত।

সুপ্রিম কোর্টের তথ্য বলছে, গত ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৪১ হাজার ৫৫১। গত চার মাসে মামলার সংখ্যা আরও বেড়েছে।
বর্তমানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগে অন্য চার সদস্য হলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব।

সর্বশেষ ২০২৫ সালের ২৪ মার্চ হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর আর বিচারপতি নিয়োগ দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী ৬৭ বছর বয়স পূর্ণ হওয়ায় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান গত ২৮ ফেব্রুয়ারি অবসরে গেছেন। আগামী ১৫ জুলাই অবসরে যাবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম। ২০২৮ সালের ১৭ মে অবসরে যাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এদিকে সুপ্রিম কোর্টের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৬ আগস্ট ২৫ জনকে ও ২০২৪ সালের ৯ অক্টোবর ২৩ জনকে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এরপর হাইকোর্ট বিভাগে কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি। 

আইনজীবীরা বলছেন, আপিল বিভাগ হচ্ছে অ্যাপেক্স কোর্ট। এখানে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে থাকে। সে ক্ষেত্রে সর্বোচ্চ আদালতে বিচারক সংকট রাখা ঠিক নয়। 
আপিল বিভাগে জমে থাকা মামলা নিষ্পত্তিতে দ্রুত বিচারপতি নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতি। তিনি বলেন, ১৭ বছর আগে ২০০৯ সালে আপিল বিভাগে ১১ জন বিচারক ছিল। সে সময় তিনটি বেঞ্চে শুনানি হতো। আপিল বিভাগে অনেক গুরুত্বপূর্ণ মামলা এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বিচারক না থাকায় দুটি বেঞ্চ বন্ধ রয়েছে।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আপিল বিভাগে মামলাজট কমানোর জন্য বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন। তার চেয়ে বেশি দরকার যোগ্যতাসম্পন্ন বিচারক। নামকাওয়াস্তে বিচারক নিয়োগ দেওয়ার কোনো অর্থ নেই।

আরও পড়ুন

×