ই-পাসপোর্টের যে ১৪ জলছাপ বদলাচ্ছে
ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১০:৪০
বাংলাদেশি ই-পাসপোর্টের ১৪টি জলছাপে বড় পরিবর্তন আসছে এবং পুনর্বহাল হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র অনুযায়ী, আওয়ামী লীগের শাসনামলে ই-পাসপোর্টে ১৪টি জলছাপ সংযুক্ত করা হয়। মূলত সেগুলো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।
ই-পাসপোর্ট বুকলেটে যে ১৪টি জলছাপের পরিবর্তন আনা হচ্ছে– স্বাধীনতা স্তম্ভের পরিবর্তে জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর সমাধিসৌধের পরিবর্তে আবু সাঈদের জুলাই গ্রাফিতি, মুজিবনগর স্মৃতিসৌধের পরিবর্তে মাধবকুণ্ড, কক্সবাজার সমুদ্রসৈকতের পরিবর্তে ঝাউবনসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি (নৌকা ব্যতীত), হাতিরঝিলের পরিবর্তে টাঙ্গুয়ার হাওর, পদ্মা সেতুর পরিবর্তে ইলিশ মাছ, বঙ্গবন্ধু সেতুর পরিবর্তে নীলগিরি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের পরিবর্তে বঙ্গভবন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিবর্তে আহসান মঞ্জিল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিবর্তে কাঁঠাল, মডেল মসজিদের পরিবর্তে জামদানি শাড়ি, নৌকা ও প্রকৃতির পরিবর্তে আমবাগান, পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্সের পরিবর্তে সোনারগাঁর পানামনগর এবং মেট্রোরেলের পরিবর্তে শালবন বিহার।
গতকাল শনিবার জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের একজন অতিরিক্ত সচিব টেলিফোনে সমকালকে বলেন, ‘বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে ই-পাসপোর্টে যে জলছাপের ছবি ব্যবহার করা হয়েছিল, সেগুলো পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। সেখানে নতুন ১৪টি ছবি সংযোজন করা হবে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত– ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল (এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ)’। কিন্তু ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ই-পাসপোর্ট চালুর সময় পাসপোর্ট বুকলেট থেকে ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধ বাদ দেওয়া হয়। পরে বিভিন্ন মহল থেকে শব্দবন্ধটি পুনর্বহালের দাবি উঠলেও তা বাস্তবায়ন হয়নি।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করে। এরপর সরকার একাধিক বৈঠকের পর ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ পুনর্বহাল এবং ই-পাসপোর্টের নকশা পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়েছে। তা ছাড়া নতুন নকশায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, ঐতিহাসিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন ছবি স্থান পাবে।
গতকাল শনিবার জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা সমকালকে বলেন, ‘মন্ত্রণালয় যে নির্দেশনা দেয়, আমরা প্রকল্পের কর্মকর্তারা সবাই মিলে তা বাস্তবায়ন করি।’ তিনি আরও জানান, নতুন নকশার ই-পাসপোর্ট ২০২৮ সাল থেকে নাগরিকদের হাতে পৌঁছাবে। বর্তমানে মজুত থাকা প্রায় ৮০ থেকে ৮৫ লাখ পাসপোর্ট ২০২৭ সাল পর্যন্ত বিতরণ করা হবে।
- বিষয় :
- পাসপোর্ট
