সাত জেলায় সড়কে ঝরল ১৬ প্রাণ
ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ২২:১৯ | আপডেট: ০১ জুন ২০২৬ | ২২:২২
দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ১৬ জন নিহত হয়েছেন। সোমবার এবং গত রোববার রাতে পৃথক সময়ে দুর্ঘটনাগুলো ঘটে।
ফটিকছড়িতে বাবা-ছেলেসহ তিনজন নিহত
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিআরটিসি বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। সোমবার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের আমতলীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেল মেকানিক শাহজাহান (৪৫) ও তাঁর ছেলে মোহাম্মদ আরিফ (২২)। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
শাহজাহান ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। আমতলীতে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা মহাসড়কে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয়। কিছু সময় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে ফটিকছড়িতে পৃথক ঘটনায় বাসচাপায় রবিউল হোসেন রবি (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে পাইন্দং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবি উপজেলার গোপালঘাটা গ্রামের বাদশা আলী সিকদার বাড়ির নেজাম পাশার ছেলে।
সিংড়ায় মামাতো-ফুপাতো তিন ভাইসহ চারজন নিহত
নাটোরের সিংড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মামাতো-ফুপাতো তিন ভাইসহ চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে সোমবার ট্রাকচাপায় নিহত হয়েছেন তিন মোটরসাইকেল আরোহী মামাতো-ফুপাতো ভাই। নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার বন্দর আমতলা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর সদরের ইসলামবাড়ি গ্রামের মতালিব হোসেনের ছেলে মুক্তার হোসেন হীরা (২৬) ও আলাইপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম (২৬) এবং লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন (১৮)। অন্যদিকে গত রোববার রাতে পুন্ডরী গ্রামীণ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় আসমা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি পুন্ডরী গ্রামের আজিম উদ্দিনের মেয়ে।
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুলাভাই ও শ্যালক নিহত হয়েছেন। নিশ্চিন্তা বাজার-চানপাড়া আঞ্চলিক সড়কের খড়িকাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালাই উপজেলার সরাইল গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন সরকার (২৮) এবং তাঁর শ্যালক হারুঞ্জা গ্রামের সামছুল ইসলামের ছেলে ফেরদৌস (১২)।
মনিরামপুরে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু
যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গত রোববার রাতে উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের খেদাপাড়া মানিকতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন–নাদড়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৭) ও প্রতিবেশী কামরুজ্জামান মিন্টুর ছেলে মেহেদী হাসান জনি (২৩)। এলাকাবাসী ও পুলিশ জানায়, রাকিব ও মেহেদী মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। রাতে ফেরার সময় খেদাপাড়া এলাকার মানিকতলা মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। আশপাশের মানুষ তাদের হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
কবিরহাটে মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাসের ধাক্কায় গোলাপ মাওলা ওরফে আজাদ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় ওটারহাট চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। গোলাপ মাওলা ওরফে আজাদ পশ্চিম আশ্রাফপুর গ্রামের মৃত ফজলুল কাদেরের ছেলে। কবিরহাট থানার এসআই এমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সুন্দরগঞ্জে মারা গেলেন বাস হেলপার
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় রুবেল মিয়া (২৭) নামের এক বাস হেলপার নিহত হয়েছেন। গত রোববার রাতে সুন্দরগঞ্জ-চৈতন্য বাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে। রুবেল মিয়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া গ্রামের মোন্নাফ আলীর ছেলে।
বাঁশখালীতে দুই অটোরিকশাযাত্রী নিহত
চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহেশখালী পৌরসভার লাতুয়ার ডেইল এলাকার হাফেজ বশরের ছেলে মোহাম্মদ নোমান ইলাহি (৩৪) এবং উপজেলার শাপলাপুর ইউনিয়নের জাহিদাঘোনা এলাকার জালাল আহমদের ছেলে বীর বাহাদুর ইসলাম (৩৫)।
গোপালগঞ্জে ভ্যানচালকের মৃত্যু
গোপালগঞ্জে বাসের ধাক্কায় আইয়ুব খাঁ (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। আইয়ুব খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বারেক খাঁর ছেলে। গোপীনাথপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. মোমেনুল ইসলাম সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধিরা]
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা-২০২৬
- নিহত
