আইভীর বাসার সামনে ক্যামেরা রাজনীতি করলে ব্যবস্থা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ০৮:৫৫
| প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী প্রায় ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান গত বুধবার রাতে। গতকাল বৃহস্পতিবার সারাদিন নগরীর দেওভোগে নিজ বাসাতেই ছিলেন। সেখানে ধর্মীয় অনুষ্ঠানে সময় কাটান তিনি।
গতকাল সকাল থেকেই আইভীর বাসার ভেতরে অবস্থিত পারিবারিক খানকায় গাদিরে খুম-এর ঐতিহাসিক ঘটনা স্মরণে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। ইসলামের ইতিহাস অনুযায়ী, এদিন গাদির নামের একটি কুয়ার পাশে নবীজি হজরত মুহাম্মদ (সা.) হজরত আলিকে তাঁর উত্তরসূরি ঘোষণা করেন। এ উপলক্ষে তরিকতপন্থিরা বিশেষ দোয়ার আয়োজন করেন। আইভী কারাগারে বসে দোয়া করেছিলেন, গাদিরে খুম দিবসের আগেই যেন তিনি বাসায় ফিরতে পারেন। তাঁর সেই দোয়া কবুল হয়েছে। এই গল্প করতে করতে আইভী বলেন, যেসব ধর্মীয় আমল অন্য সময় করা হয়নি কারাগারে তিনি সেসব আমল করেছেন।
জেলে আইভীকে গান শোনাতেন মমতাজ
গতকাল বৃহস্পতিবার দুপুরে সাবেক মেয়র আইভীর সঙ্গে দেখা করতে আসেন তাঁর স্কুলজীবনের বন্ধুরা। এ সময় আইভী জানান, জেলে প্রায়ই তাঁকে গান শোনাতেন মানিকগঞ্জের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগম। প্রায়ই অবসর সময়ে জেলে গানের আসর বসত। এর মধ্যে শচীন দেব বর্মণের কালজয়ী ‘কে যাস রে ভাটি গাঙ বাইয়া?/আমার ভাইধন রে কইয়ো নাইওর নিতো বইলা...’ গানটি গাইতে চাইলে মমতাজকে তিনি বারণ করতেন। কারণ এই গান শুনলে তাঁর সদ্যপ্রয়াত ভাই আহমদ আলী রেজা রিপনের কথা মনে পড়ে যায়। ঘটনাচক্রে তাঁর মুক্তি পাওয়ার দিন বিকেলে গানের আড্ডায় মমতাজ এই গান গেয়েছেন। তখনও আইভী জানতেন না তিনি মুক্তি পেতে যাচ্ছেন। জেলে আইভী একটি কবিতা লেখেন। এটিতে সুর দিয়েছেন মমতাজ। মুক্তি পেলে মমতাজ এই গান জনসমক্ষে গাইবেন বলে জানান।
বাসার সামনে পুলিশের সিসি ক্যামেরা
আইভীর বাসার ঠিক সামনে একটি অত্যাধুনিক সিসি ক্যামেরা বসিয়েছে জেলা পুলিশ। তাঁর নারায়ণগঞ্জের বাসায় আসার আগ মুহূর্তে বাড়ির গেটের সামনের ল্যাম্পপোস্টে এই সিসি ক্যামেরা বসানো হয়। এ প্রসঙ্গে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, এই সিসি ক্যামেরা শুধু সাবেক মেয়রের বাড়িকে কেন্দ্র করে লাগানো হয়নি। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এরই অংশ হিসেবে সাবেক মেয়রের বাসার সামনেও সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এলাকায় মোট চারটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
তিনি আরও জানান, সাবেক মেয়রের সঙ্গে মানুষজন দেখা করতে আসতে পারবে। তবে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করছেন কিনা, পুলিশ নজরদারি করবে। তেমন কোনো প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইভীকে দেখতে যাওয়ায় চাকরিচ্যুতির অভিযোগ
কারামুক্তির পর আইভীকে তাঁর বাসায় দেখতে যাওয়ার অভিযোগে টরিক আহমেদ নামের করপোরেশনের চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে ছাঁটাই-এর অভিযোগ উঠেছে।
- বিষয় :
- রাজনীতি
