পুলিশকে পিটিয়ে মাদক মামলার আসামি ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, সাভার ও কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ০৭:৫৫
| প্রিন্ট সংস্করণ
ঢাকার সাভারে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর সহযোগীরা। গত মঙ্গলবার রাতে পৌর এলাকার বক্তারপুর মহল্লায় এ ঘটনা ঘটে। হামলায় জড়িত সন্দেহে পাঁচজনকে গতকাল বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক কারবারিদের এ হামলায় আহত হয়েছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এসএম শামীম হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান খান। এসআই শামীম হোসেনের ভাষ্য, গত মঙ্গলবার রাতে বক্তারপুর এলাকা থেকে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রফিকুল ইসলামকে ধরতে যান তারা। রফিকুলকে হাতকড়া পরানোর সময় ৮-১০ দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে তাদের দুজনের ওপর হামলা চালায়। এ সময় তর্কাতর্কির মধ্যে আরও ৪০-৫০ জন জড়ো হয়ে তাদের বেধড়ক পিটিয়ে রফিকুলকে ছিনিয়ে নেয়। পুলিশের আরেকটি দল তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের চিকিৎসক ফারদিন আবদুর রাজ্জাক বলেন, পুলিশের আহত দুই সদস্যের শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত এসএম শামীমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহম্মদ বলেন, আসামি ছিনতাই ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তার ও হামলাকারী অন্যদের ধরতে পুলিশি অভিযান চলছে।
যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা হলেন– আরিফ ইসলাম (২০), সাগর মিয়া (২৩), মো. মারুফ হোসেন (২০), মো. হুমায়ুন কবির (১৯) ও মো. রাকেশ মাল (৩০)।
কুমিল্লায় ভিডিও দেখে শনাক্ত
কুমিল্লার নিমসার বাজারে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও দেখে তাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলার এসপি মো. আনিসুজ্জামান। উল্টোপথে চলাচলকারী থ্রি-হুইলার আটক নিয়ে গত মঙ্গলবার এ হামলা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– মো. বিল্লাল হোসেন, মো. ইউসুফ মিয়া, মো. হাসান, মো. রিফাত, মো. হাবিব, মো. মফিজ, মো. আক্তার হোসেন, মো. সিফাত, মো. রবিউল, আবু ইউসুফ ইকরাম, মো. জুয়েল, মো. সরোয়ার হোসেন, নুপুর শাহা, মো. সোহাগ মিয়া, মো. বিল্লাহ, সোহেল মিয়া, ইব্রাহিম খলিল, দেলোয়ার হোসেন ও মো. আজিজুল।
গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে এসপি মো. আনিসুজ্জামান জানান, এ ঘটনায় ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই মো. শাহাবুদ্দিন সরকার বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১০০-১৫০ জনকে আসামি করে বুড়িচং থানায় মামলা করেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
- বিষয় :
- আসামি
