বাগেরহাটে কৃষক দল নেতাকে কুপিয়ে খুন
চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
সমকাল ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ০৮:৪৭ | আপডেট: ১১ জুন ২০২৬ | ১০:২৩
| প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাদল মোড়ল নামে কৃষক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতের এ ঘটনায় আহত হয়েছেন স্থানীয় বিএনপি নেতা। হত্যার বিচার দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এদিকে কক্সবাজারে ছেলের সামনে ছুরিকাঘাতে নারী, চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সালিশে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
কৃষক দল নেতা খুন
বাগেরহাটে নিহত বাদল মোড়ল ফকিরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন। তিনি আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। আহত আবদুল্লাহ মোড়ল বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে বারুইপাড়া থেকে মোটরসাইকেলে ফকিরহাট যাচ্ছিলেন বাদল ও আবদুল্লাহ। রাত ১১টার দিকে ফকিরহাটের নিয়তির মোড় এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে হেলমেট পরা দুর্বৃত্তরা তাদের থামিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বাদলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রাথমিক চিকিৎসা দিয়ে আবদুল্লাহকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হত্যাকারীদের বিচার দাবিতে গতকাল দুপুরে আড়পাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে বারুইপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শেখ মো. মহিউদ্দিন অভিযোগ করে বলেন, বারুইপাড়া বাজারে আমাদের দুইটা অফিস রয়েছে। একটি শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস, আর একটি জামায়াতের। কৃষক দল নেতা খুন হওয়ার জেরে বুধবার দুপুর দেড়টা-দুইটার দিকে বিএনপির একদল নেতাকর্মী এসে ওই দুটি অফিস ভাঙচুর করে। আগে মঙ্গলবার রাতে বাদল নিহতের পর একদল লোক আড়পাড়ার জামায়াতের কার্যালয়টি ভাঙচুর করে আগুন দিয়ে দেয়।
অভিযোগের বিষয়ে বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক বলেন, মঙ্গলবার রাতে সামান্য কিছু সমস্যা হয়েছে। তবে বুধবার কোথাও ভাঙচুর বা সহিংসতা হয়নি।
সদর থানার পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে। হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি।
ছুরিকাঘাতে নারীকে হত্যা
কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় ছেলের সামনে সানজিদা আক্তার রেশমি নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতের এ ঘটনায় তিন নারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সানজিদা দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মুদির দোকান থেকে বাজার করতেন। স্থানীয়দের অভিযোগ, সেই সূত্রে দোকানির সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানার পর দোকানির স্ত্রীসহ কয়েক নারী মঙ্গলবার রাতে সানজিদার বাসায় যান। সেখানে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে ওই নারীরা ছুরি দিয়ে সানজিদার ওপর হামলা চালান। ঘটনার সময় বাসায় থাকা নিহতের ১২ বছরের ছেলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। তিন নারীকে আটক করে পুলিশে খবর দেন তারা।
পটিয়ায় যুবক নিহত
চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পঙ্কজ শীল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিলক শীল নামে আরেকজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চক্রশালা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আবিদুল ইসলাম নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সালিশ চলাকালে সংঘর্ষে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সালিশে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। গতকাল দুপুরে শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইব্রাহীম আলী। তাঁর বাড়ি একই গ্রামে।
বৃদ্ধাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার
নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া শেরকোল গ্রামে মারিয়া বেগম ওরফে শরিফার (৮০) মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর মেজো ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাড়ির সীমানায় শৌচাগারের গর্ত করা নিয়ে গত ২৩ মে শরিফার দুই ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। বড় ছেলের পক্ষ নেওয়ায় ২৫ মে মাকে গলা টিপে হত্যা করেন জনাব আলী। সেই শৌচাগারের গর্তেই মরদেহ ফেলে স্ল্যাব দিয়ে ঢেকে রাখেন। মঙ্গলবার মরদেহ উদ্ধারের পর জনাবকে গ্রেপ্তার করা হয়।
(সংশ্লিষ্ট প্রতিনিধির পাঠানো তথ্য)
