ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

খুচরা ব্যবসায়ীরা করজালে আসছেন, পণ্যের দাম বাড়ার শঙ্কা

খুচরা ব্যবসায়ীরা করজালে আসছেন, পণ্যের দাম বাড়ার শঙ্কা
×

ছবি : সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৬ | ০৫:৫১

দেশে করজাল বাড়ানোর পদক্ষেপ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রথমবারের মতো করের আওতায় আনা হচ্ছে খুচরা ব্যবসায়ীদের। তাদের কাছে পণ্য সরবরাহের ওপর শূন্য দশমিক ২০ শতাংশ অগ্রিম কর আরোপ করা হবে। গতকাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। 

তবে ব্যবসায়ী নেতারা সতর্ক করে বলেছেন, এই করের বোঝা যদি সরবরাহ ব্যবস্থার (সাপ্লাই চেইন) মধ্য দিয়ে স্থানান্তরিত হয়, তবে তা ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে। ছোট ব্যবসায়ীদের ওপরও করের বোঝা চাপতে পারে। তাদের যুক্তি, খুচরা বিক্রেতারা তাদের মুনাফা ঠিক রাখতে—এই অতিরিক্ত কর পণ্যের মূল্যের সঙ্গে যোগ করবেন। এর ফলে নিত্য ভোগ্যপণ্য, ওষুধসহ সব ধরনের পণ্যের জন্য ভোক্তার বাড়তি খরচ গুনতে হতে পারে। 

প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য করের হার বাড়ানো নয়; বরং করের ভিত্তি সম্প্রসারণ। এই উদ্দেশ্যে কয়েকটি বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। করভিত্তি সম্প্রসারণের জন্য খুচরা বিক্রেতাদের কাছ থেকে পণ্য সরবরাহে দশমিক ২০ শতাংশ অগ্রিম কর সংগ্রহের প্রস্তাব করছি। সংগৃহীত এই অগ্রিম করের পরিমাণ হবে অতি নগণ্য, প্রতি এক হাজার টাকায় মাত্র দুই টাকা। অগ্রিম সংগৃহীত এই আয়কর করদাতার প্রদেয় করের সঙ্গে সমন্বয় করা হবে।’

এনবিআর সূত্রে জানা গেছে, প্রস্তাবিত কাঠামো অনুযায়ী যেসব ডিলার খুচরা দোকানে পণ্য সরবরাহ করেন, তারা পণ্য বিক্রির মূল্যের ওপর ভিত্তি করে ডিস্ট্রিবিউশন বা সরবরাহ পয়েন্টে এই কর সংগ্রহ করবেন। অর্থাৎ ডিলার ও সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত পক্ষগুলোর এই কর সংগ্রহ করবে। 

সরকারের এমন পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রান্তিক খুচরা মুদি দোকানও করের আওতায় আসবে। বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসাবে, দেশে প্রায় ৭০ লাখ খুচরা বিক্রেতা আছেন। তাঁরা করের আওতায় চলে আসবেন।

এক পণ্যে সরকার কয়বার কর নেবে এমন প্রশ্ন তোলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব জহিরুল হক ভূঁইয়া। সমকালকে তিনি বলেন, উৎপাদনকারীরা যখন পণ্য বিক্রি করে তখন ভ্যাট দেয়। সেই পণ্যের ওপর পরিবেশকরা খুচরা ব্যবসায়ীদের থেকে অগ্রিম কর নেবে। আবার ওই খুচরা ব্যবসায়ীর বিক্রির ওপর ভ্যাট দিতে হয়। প্রত্যক্ষ-পরোক্ষভাবে এত দফায় সরকারকে কর দিতে হলে দেশের ছোট ব্যবসায়ীরা হারিয়ে যাবে। 

তিনি বলেন, এতে শুধু ব্যবসায়ী নয়, ভোক্তাও বিপদে পড়বে। কারণ করের চাপে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। 

আরও পড়ুন

×