দুর্যোগে আগাম সতর্কতা দেবে ‘আবহাওয়াবিদ’ অ্যাপ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ২২:৩২
দেশজুড়ে আবহাওয়ার পূর্বাভাস ও দুর্যোগসংক্রান্ত সতর্কবার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আবহাওয়াবিদ’ চালু হয়েছে। গুগল প্লে স্টোরে বিনা মূল্যে অ্যাপটি পাওয়া যাচ্ছে। অ্যাপটিতে অডিও বা ভয়েস বুলেটিনের সুবিধাও থাকছে।
বাংলাদেশের আবহাওয়াবিষয়ক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম আবহাওয়া ডটকমের উদ্যোগে তৈরি অ্যান্ড্রয়েডভিত্তিক এ অ্যাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গত বুধবার। উদ্যোক্তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে ঘন ঘন দেখা দেওয়া ঘূর্ণিঝড়, বন্যা, বজ্রপাত, অতিবৃষ্টি ও অন্যান্য বৈরী আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় সাধারণ মানুষের কাছে নির্ভরযোগ্য আবহাওয়া তথ্য ও সতর্কবার্তা সহজলভ্য করা এই উদ্যোগের প্রধান লক্ষ্য। বাংলা বা ইংরেজিতে আবহাওয়াবিদ লিখে অনুসন্ধান করলে এটি পাওয়া যাবে। অ্যাপটিতে কোনো বিজ্ঞাপনও রাখা হয়নি।
উদ্যোক্তারা বলছেন, অ্যাপটিতে বাংলাদেশের বিভাগ ও জেলাভিত্তিক তাৎক্ষণিক আবহাওয়ার তথ্য এবং সাত দিনের পূর্বাভাস পাওয়া যাবে। পাশাপাশি ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের পূর্বাভাস, কৃষি পরামর্শ, বায়ুর মান সূচক এবং ঘূর্ণিঝড়, বন্যা ও বজ্রপাতের মতো দুর্যোগের জরুরি সতর্কবার্তাও এতে যুক্ত করা হয়েছে।
অ্যাপটির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ভয়েস বুলেটিন বা অডিও বার্তা। এর মাধ্যমে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ আবহাওয়া পূর্বাভাস ও সতর্কবার্তা শুধু লিখিত নয়, শুনতেও পারবেন। উদ্যোক্তারা মনে করেন, এ সুবিধা স্বল্পশিক্ষিত, নিরক্ষর এবং প্রযুক্তি ব্যবহারে সীমিত দক্ষতাসম্পন্ন মানুষদের জন্য বিশেষভাবে সহায়ক হবে। বিশেষ করে কৃষক, জেলে ও গ্রামীণ জনগোষ্ঠী সহজেই প্রয়োজনীয় আবহাওয়া তথ্য জানতে পারবেন।
অ্যাপটির আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হলো ‘ফিল্ড রিপোর্ট’ বা নাগরিক আবহাওয়া প্রতিবেদন ব্যবস্থা। ব্যবহারকারীরা নিজ এলাকার আবহাওয়ার পরিস্থিতি সরাসরি অ্যাপে জানাতে পারবেন। এসব তথ্যের ভিত্তিতে একটি চলমান বা লাইভ আবহাওয়ার মানচিত্র তৈরি করা হবে। যেখানে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ কিংবা রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার তথ্য তাৎক্ষণিকভাবে দেখা যাবে।
উদ্যোক্তারা জানান, বাংলাদেশের মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা এই লাইভ আবহাওয়া মানচিত্র ভবিষ্যতে দেশের প্রথম ‘সিটিজেন সায়েন্স ওয়েদার নেটওয়ার্ক’ তৈরির ভিত্তি হিসেবে কাজ করতে পারে।
সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার আগে প্রায় এক মাস ধরে দেশের বিভিন্ন জেলার প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক ও বিভিন্ন পেশার মানুষ অ্যাপটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করেন। তাঁদের মতামত ও পরামর্শের ভিত্তিতে অ্যাপটির বিভিন্ন ফিচার উন্নয়ন ও পরিমার্জন করা হয়েছে। আবহাওয়া ডটকম ও আবহাওয়াবিদ অ্যাপের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগকালে প্রকৃত সময়ে সঠিক তথ্য পাওয়া জীবন ও সম্পদের সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবহাওয়াবিদ অ্যাপের লক্ষ্য হলো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বৈরী আবহাওয়ার আগাম ও নির্ভরযোগ্য তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া।
তিনি আশা প্রকাশ করেন, এই অ্যাপ দেশের কৃষক, মৎস্যজীবীসহ সাধারণ মানুষের জন্য একটি কার্যকর আবহাওয়া-সেবা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- বিষয় :
- আবহাওয়া
