ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

ভারী বৃষ্টির পূর্বাভাস

সিলেট-সুনামগঞ্জের নিম্নাঞ্চল সাময়িক প্লাবিত হতে পারে

সিলেট-সুনামগঞ্জের নিম্নাঞ্চল সাময়িক প্লাবিত হতে পারে
×

ছবি: ফাইল

 জলবায়ুবিষয়ক প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১০:৪৫

আগামী এক সপ্তাহ দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িক প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে আপাতত বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গতকাল রোববার প্রকাশিত সাত দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ১৪ থেকে ২১ জুন অথবা কাছাকাছি সময়ে বাংলাদেশের রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে স্থানভেদে সর্বোচ্চ ৩৫০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে এক-দুই দিনের মধ্যে পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।  

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সাত দিনে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। নদী দুটি সিলেট ও সুনামগঞ্জে সতর্কসীমার কাছাকাছি বা সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 

পাউবোর তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে। একই সময়ে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, কংস, মনু, ধলাই ও খোয়াই নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। আগামী সাত দিনে এসব নদীর পানি আরও বাড়তে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

×