পাবলিক পরীক্ষার ফল জালিয়াতির কঠোর শাস্তি, আইন অনুমোদন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ০৯:৪২
| প্রিন্ট সংস্করণ
পাবলিক পরীক্ষার ফলাফল অবৈধভাবে পরিবর্তন এবং পরীক্ষায় জালিয়াতি বা চক্র গঠন করলে কঠোর শাস্তির বিধান রেখে পাবলিক পরীক্ষা (অপরাধ) (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার দশম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক হয়।
এ ছাড়া অনলাইন জুয়া এবং প্রযুক্তিনির্ভর মাদক অপরাধ দমনে নতুন ও সংশোধিত আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে নতুন আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
সংশোধিত আইনে পরীক্ষার ফলাফল বা মেধাতালিকায় হ্যাকিং কিংবা অবৈধভাবে পরিবর্তনকে ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ নামে নতুন অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খসড়া আইনে জুয়াখেলা, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, অনলাইন ও দূরবর্তী জুয়া, বেটিং, বুকমেকার, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংসহ জুয়া-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে।
বৈঠকে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। ২০০১ সালে গেজেট প্রকাশিত হলেও কার্যকর না হওয়া বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে।
এ ছাড়া ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।
- বিষয় :
- বৈঠক
