জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বললেন
পুশইন সমস্যা ভারতের সঙ্গে আলোচনায় নিরসন করা উচিত
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ০৯:৪৯ | আপডেট: ১৯ জুন ২০২৬ | ০৯:৫৩
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের সীমান্তে চলমান পুশইন সমস্যা ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নিরসন করা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় গত বুধবার এ মন্তব্য করেন তিনি।
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই ইস্যুতে প্রশ্ন করা হয়েছিল ডুজারিককে। তাঁকে জিজ্ঞাসা করা হয়, বাংলাদেশ ও ভারতের সীমান্তে শত শত শিশু ও নারীর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। শিশুরা ক্ষুধায় কাঁদছে। নারীরা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। জাতিসংঘের মহাসচিব এই বিষয়কে কীভাবে দেখছেন?
মহাসচিবের মুখপাত্র উত্তরে বলেন, ‘আমি মনে করি বিষয়টি দুই দেশের আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত এবং মানুষের মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে এই সমস্যার সমাধান করা দুই দেশেরই দায়িত্ব।’
রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে ডুজারিকের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়ে রোহিঙ্গাবিষয়ক উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্বে ছিলেন জাতিসংঘ সাধারণ পরিষদের (জিএ) নবনির্বাচিত সভাপতি। এখন কি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আশাবাদী হওয়া যেতে পারে?
এর উত্তরে ডুজারিক রোহিঙ্গাবিষয়ক কাজ চলতে থাকবে বলে জানান। তিনি বলেন, সাধারণ পরিষদের সভাপতির কাজ সাধারণ পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করা। তবে রোহিঙ্গা সংকটের বিষয়টি নিয়ে কাজ অব্যাহত থাকবে।’
- বিষয় :
- জাতিসংঘ
